শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের চার জেলার বিভিন্ন শিল্পাঞ্চলে মোট ৪৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে এসব বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন তারা।
মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে ঢাকার বিভিন্ন শিল্পাঞ্চলে ২০ প্লাটুন দায়িত্ব পালন করছেন। এসব এলাকার মধ্যে রয়েছে মিরপুর, হেমায়েতপুর, সাভার ও আশুলিয়া। এ ছাড়া আশুলিয়ার ইউনুস কনভেনশন হল, কাঠগড়া, জিরাবো, হামিম গ্রুপ, মিডলার গ্রুপ ও জামগড়া এলাকায়ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে, গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এর মধ্যে রয়েছে চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সালনা ও বৈশয়া কুড়িবাড়ি এলাকা।
নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সাত প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। এসব এলাকার মধ্যে রয়েছে শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল।
এ ছাড়া ময়মনসিংহের ভালুকা ও ত্রিশাল এলাকায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবির বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শিল্পাঞ্চলের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরে একটি মনিটরিং সেল কাজ করছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও বিভিন্ন বিশেষায়িত ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবির এ কার্যক্রম অব্যাহত রয়েছে।


