দীর্ঘ প্রতীক্ষা ও ধারাবাহিক কারিগরি পরীক্ষা-নিরীক্ষা শেষে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর। পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরুর মধ্য দিয়ে বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে এই কার্যক্রম সম্পন্ন হয়।
পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের বিষয়ে মন্ত্রী জানান, জাতীয় গ্রিডে সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। পরীক্ষার ফলাফল সন্তোষজনক হওয়ায় পরবর্তী সময়ে গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে বিদ্যুৎ সরবরাহ ৩০০ মেগাওয়াটে স্থির রাখা হয়েছে।
মন্ত্রী আরও জানান, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রতিনিধিদল প্রকল্পের অগ্রগতি ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে। তাদের ইতিবাচক মূল্যায়নের ভিত্তিতেই সফলভাবে গ্রিড সিনক্রোনাইজেশন পরীক্ষা সম্পন্ন হয়েছে।
প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, প্রাথমিক পরীক্ষার অংশ হিসেবে উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময় বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পর্যবেক্ষণ করা হবে।
পরবর্তী কারিগরি পরীক্ষার জন্য বিদ্যুৎকেন্দ্রটি সাময়িকভাবে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর পুনরায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে পরিচালনসংক্রান্ত পরীক্ষা চালানো হবে।
প্রকল্প পরিচালক আরও জানান, প্রতিটি ধাপের পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে পরবর্তী পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে। রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের ট্রায়াল অপারেশন সফলভাবে সম্পন্ন হওয়ার পর প্রথম ইউনিট থেকে পূর্ণ ক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।
উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। সব মিলিয়ে কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণ এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


