যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিপাইন সফরকে কেন্দ্র করে দেশটির রাজধানী ম্যানিলায় ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এসব বিক্ষোভ থেকে প্রায় ৩০০ জনকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ট্রাম্পের ম্যানিলায় পৌঁছানোর কথা রয়েছে। তাঁর সফরকে কেন্দ্র করে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
বিক্ষোভের আয়োজকদের দাবি, ট্রাম্পের উপস্থিতিতে অনুষ্ঠিতব্য সম্মেলন ঘিরে প্রতিবাদ কর্মসূচিতে প্রায় ১০ হাজার মানুষ অংশ নিতে পারেন। সম্মেলনস্থলের দিকে মিছিল নিয়ে যাওয়ারও পরিকল্পনা রয়েছে তাঁদের।
সোমবারের (১৬ নভেম্বর) বিক্ষোভে অংশ নেওয়া অনেকে ট্রাম্পের কুশপুত্তলিকা পোড়ান। এ সময় লাঠি ও ঢাল নিয়ে অবস্থান নেওয়া পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়।
ইরান যুদ্ধের প্রভাবে জীবনযাত্রার ব্যয় ও জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ বিক্ষোভকারীরা ট্রাম্পের সফরের প্রতিবাদ জানান। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নতুন উদ্যোগ ‘প্যাক্স সিলিকা’র বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।
প্যাক্স সিলিকা উদ্যোগের আওতায় ম্যানিলার বাইরে নিউ ক্লার্ক সিটিতে একটি প্রযুক্তি কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। তবে সমালোচকদের আশঙ্কা, এ প্রকল্প বাস্তবায়িত হলে পানি ও বিদ্যুৎ সরবরাহের ওপর চাপ তৈরি হতে পারে। পাশাপাশি বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে পড়তে পারেন দেশটির আদিবাসী আয়তা সম্প্রদায়ের সদস্যরা।
এদিকে বিক্ষোভকারীদের গ্রেফতারের ঘটনায় ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সরকারের সমালোচনা করেছেন আন্দোলনের নেতা রেনাতো রেইয়েস। তাঁর দাবি, ২০২২ সালে মার্কোস ক্ষমতায় আসার পর সোমবার এক দিনে সবচেয়ে বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে, ফিলিপাইনের জাতীয় পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। বিক্ষোভকারীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে বিভিন্ন বস্তু ছুড়েছেন বলেও অভিযোগ করেছে সংস্থাটি।
বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগ ও গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি জানিয়েছে, শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার সবার রয়েছে। শুধু নিজেদের মতপ্রকাশের কারণে কাউকে আটক করা হলে তাঁকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।


