বিশ্বব্যাপী মৃত্যুদণ্ডের ব্যবহার স্থগিতের আহ্বান জানিয়ে জাতিসংঘে উত্থাপিত একটি প্রস্তাবে ভোটদানে বিরত থেকেছে বাংলাদেশ। মেক্সিকোর উত্থাপিত এ প্রস্তাবে ১৩৩টি দেশ সমর্থন জানালেও বিপক্ষে ভোট দিয়েছে ৩৩টি দেশ। এ ছাড়া বাংলাদেশসহ ১৬টি দেশ ভোটদানে বিরত ছিল।
গত ১৩ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে ‘মৃত্যুদণ্ডের ব্যবহার স্থগিতকরণ’ শীর্ষক প্রস্তাবটি অনুমোদিত হয়। প্রস্তাবটির মূল লক্ষ্য হলো বিশ্বব্যাপী মৃত্যুদণ্ড কার্যকর করা বন্ধ রাখা এবং ধীরে ধীরে এ ধরনের সাজা বিলুপ্তির দিকে এগিয়ে যাওয়া।
প্রস্তাবটির বিপক্ষে ভোট দেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, বাহরাইন, চীন, মিসর, ইরান, ইরাক, জাপান, কুয়েত, মালদ্বীপ, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব ও যুক্তরাষ্ট্র। অন্যদিকে, বাংলাদেশসহ ১৬টি দেশ ভোটদানে বিরত থাকে।
এদিকে, মৃত্যুদণ্ডের বিষয়ে বাংলাদেশের ভোটদানের অবস্থানে পরিবর্তনের বিষয়টিও সামনে এসেছে। এর আগে বিভিন্ন বছর বাংলাদেশ এ ধরনের প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছিল। তবে জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এবার ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নেয় দেশটি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, মানবাধিকার সুরক্ষায় সরকারের অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্য রেখেই এবার বাংলাদেশ ভোটদানে বিরত থেকেছে।
জাতিসংঘের প্রস্তাবে মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত রাখার পাশাপাশি শেষ পর্যন্ত এ সাজা বিলুপ্ত করার আহ্বান জানানো হয়েছে। যেসব দেশ ইতোমধ্যে মৃত্যুদণ্ড বাতিল করেছে, তাদের পুনরায় এ সাজা চালু না করার কথাও বলা হয়েছে।
প্রস্তাবে ২০২৫ সালে বিশ্বজুড়ে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে মৃত্যুদণ্ডের প্রয়োগ ধীরে ধীরে সীমিত করার আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া অপরাধ সংঘটনের সময় ১৮ বছরের কম বয়সী ব্যক্তিদের মৃত্যুদণ্ড না দেওয়া, গর্ভবতী নারী, মানসিক বা বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধী ব্যক্তি এবং বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে এ সাজা সীমিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। যেসব অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে, সেসব অপরাধের সংখ্যাও কমিয়ে আনার আহ্বান জানানো হয়েছে।
জাতিসংঘের তথ্যমতে, বিশ্বের অধিকাংশ দেশ ইতোমধ্যে মৃত্যুদণ্ড বিলুপ্ত করেছে অথবা এর প্রয়োগ স্থগিত রেখেছে। সংস্থাটির মতে, অপরাধ দমন কিংবা ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে মৃত্যুদণ্ডের কার্যকারিতার যথেষ্ট প্রমাণ নেই। একবিংশ শতাব্দীতে এ ধরনের সাজার কোনো স্থান থাকা উচিত নয় বলেও উল্লেখ করেছে জাতিসংঘ।


