সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে ১ হাজার ৬২ কোটি টাকার বেশি সম্পদ জব্দ করেছে সংস্থাটি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুদক সচিব সাইদুর রহমান খান।
দুদক সচিব জানান, শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে এ পর্যন্ত ২৪টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে সাতটি মামলার অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল করা হয়েছে। এসব মামলার অনুসন্ধান ও তদন্তের অংশ হিসেবে দেশে-বিদেশে ১ হাজার ৬২ কোটি টাকার বেশি সম্পদ জব্দ করা হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, শেখ হাসিনা সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করে সংস্থাটি। অনুসন্ধানে অবৈধভাবে প্লট গ্রহণ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে অনিয়ম, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন ঘিরে আর্থিক অনিয়ম এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ উঠে এসেছে।
এ ছাড়া সিআরআই ও সূচনা ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগও অনুসন্ধানের আওতায় রয়েছে।
সংবাদ সম্মেলনে দুদক সচিব আরও জানান, সজীব ওয়াজেদ জয়ের যুক্তরাষ্ট্রে নতুন করে সম্পদের সন্ধান পেয়েছে দুদক। এসব সম্পদের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।
সাইদুর রহমান খান বলেন, মামলার সংখ্যা বাড়ানোর চেয়ে তথ্য-প্রমাণের ভিত্তিতে আদালতে অভিযোগ প্রমাণ এবং বিচার নিশ্চিত করাই দুদকের মূল লক্ষ্য।
তিনি আরও জানান, মামলার আসামিদের বিচারের মুখো মুখি করতে শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল ও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে।


