রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)
মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজপথে নামল পাঁচ শতাধিক সাইকেল। ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—এ স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী এক মাদকবিরোধী সাইকেল র্যালি। তরুণদের মাদক থেকে দূরে রাখা এবং সমাজে সচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন বয়সী মানুষ।
শনিবার (১৪ নভেম্বর) সকাল থেকে ডোমার উপজেলার পাঙ্গা মটকপুর ইউনিয়নের প্রত্যন্ত গ্রামাঞ্চলে এ কর্মসূচি শুরু হয়। যুবসমাজ ও ছাত্রদল নেতা আশরাফুল আলম আশরাফের যৌথ উদ্যোগে আয়োজিত র্যালিটি পাঙ্গা চৌপথী থেকে যাত্রা শুরু করে ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
র্যালিতে অংশগ্রহণকারীদের হাতে ছিল মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা। তাঁদের মতে, মাদক শুধু একজন ব্যক্তিকে বিপথে নেয় না, বরং একটি পরিবার ও সমাজের ভবিষ্যৎকেও বিপর্যস্ত করে। তাই তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে এ ধরনের উদ্যোগ সময়ের দাবি। তাঁদের প্রত্যাশা, স্থানীয় পর্যায়ে এমন কর্মসূচি ছড়িয়ে পড়লে মাদকমুক্ত সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।
আয়োজক ছাত্রদল নেতা আশরাফুল আলম আশরাফ বলেন, ‘সারা দেশের মতো ডোমার উপজেলার বিভিন্ন এলাকাতেও মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বাড়ছে। বিশেষ করে পাঙ্গা মটকপুর এলাকায় মাদককারবারিদের তৎপরতা বেড়েছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে তরুণ সমাজের ওপর। নতুন প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলাই আমাদের মূল উদ্দেশ্য। সেই লক্ষ্যেই যুবসমাজকে সঙ্গে নিয়ে পাঁচ শতাধিক সাইকেলের অংশগ্রহণে এ র্যালির আয়োজন করেছি।’
আয়োজকদের প্রত্যাশা, এক দিনের র্যালিতে সীমাবদ্ধ না থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে উঠবে। তরুণদের সচেতন অংশগ্রহণের মধ্য দিয়ে পাঙ্গা মটকপুরসহ পুরো এলাকায় মাদকবিরোধী আন্দোলন আরও জোরালো হবে।


