নিজস্ব প্রতিবেদক: ভোরের আলো ঠিকমতো ফোটার আগেই যাঁদের লাঙলের ফলায় আড়মোড়া ভেঙে জেগে ওঠে বাংলার মাটি, যাঁদের রোদে পোড়া তামাটে শরীরের ঘামে প্রতিটি ঋতুতে সোনালি ফসলে ভরে ওঠে দিগন্তজোড়া মাঠ- সেই অন্নদাতা কৃষকের মুখে আজ কোনো তৃপ্তির হাসি নেই। সেখানে এখন কেবলই দুশ্চিন্তার গাঢ় ভাঁজ। একদিকে সার, বীজ, ডিজেল ও বিদ্যুতের লাগামহীন মূল্যবৃদ্ধিতে চাষাবাদের খরচ বাড়ছে জ্যামিতিক হারে; অন্যদিকে মাথার ঘাম পায়ে ফেলে ফলানো ফসলের ন্যায্য দাম না পেয়ে আক্ষরিক অর্থেই নিঃস্ব হচ্ছেন তাঁরা। কৃষকের অস্তিত্বের সংকট ও চাপা কান্নার চিত্র জনসমক্ষে তুলে ধরতে শনিবার (১৪ নভেম্বর) সকালে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
অরাজনৈতিক সামাজিক প্রতিষ্ঠান ‘বাংলাদেশ কৃষক ইউনিয়ন, কেন্দ্রীয় কমিটি, নেত্রকোনা’-এর উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে কেবল কৃষক প্রতিনিধিরাই নন, কৃষকের করুণ বাস্তবতায় সংহতি জানিয়ে যুক্ত হয়েছিলেন সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ।
এদিন সকাল থেকেই নেত্রকোনার রোদের তেজ উপেক্ষা করে ব্যানার হাতে সড়কে দাঁড়ান সাধারণ মানুষ। তাদের কণ্ঠে ও বুকে ধারণ করা স্লোগান ছিল একটাই- ‘বাঁচলে কৃষক, বাঁচবে দেশ, গড়বো মোরা উন্নয়নের বাংলাদেশ’।
মানববন্ধনে দাঁড়িয়ে বক্তারা গ্রামবাংলার কৃষকদের বর্তমান করুণ বাস্তবতার কথা তুলে ধরেন। আক্ষেপের সুরে তারা বলেন, মানবসভ্যতার গোড়াপত্তন যে কৃষির হাত ধরে, সেই কৃষকরাই আজ সমাজের সবচেয়ে অবহেলিত ও বঞ্চিত গোষ্ঠী। বীজতলা তৈরি থেকে শুরু করে ফসল কেটে ঘরে তোলা পর্যন্ত প্রতিটি ধাপে কৃষকের খরচ বেড়েছে কয়েক গুণ। বিশেষ করে ডিজেল ও বিদ্যুতের বাড়তি দামের কারণে সেচ খরচ মেটাতে গিয়েই হিমশিম খাচ্ছেন চাষিরা। গোদের ওপর বিষফোড়া হয়ে দাঁড়িয়েছে সার ও কীটনাশকের চড়া দাম। হাড়ভাঙা খাটুনির পর ফসল যখন বাজারে তোলা হয়, তখন উৎপাদন খরচটুকুও ওঠে না। ফলে বাধ্য হয়ে ঋণের বোঝা মাথায় নিয়ে জীবিকা নির্বাহ করাটাই আজ কৃষকের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
কৃষককে বাঁচানোর আকুতিতে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম এবং বাংলাদেশ কৃষক ইউনিয়নের প্রতিষ্ঠাতা ও সভাপতি, যিনি স্থানীয়ভাবে ‘হাওর বন্ধু’ হিসেবে পরিচিত, মো. ইকবাল হোসেন।
তারা সুস্পষ্টভাবে বলেন, “কৃষককে বাঁচাতে না পারলে দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতি অচিরেই মুখ থুবড়ে পড়বে। কৃষকের মুখে হাসি ফোটাতে অবিলম্বে কৃষি উপকরণের দাম কমিয়ে সরকারি ভর্তুকি বাড়াতে হবে। পাশাপাশি, সরকারি উদ্যোগে সরাসরি মাঠপর্যায় থেকে ন্যায্য মূল্যে ফসল কেনা নিশ্চিত করতে হবে।” কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন সংগঠনের সম্পাদক সুমন আহমেদ, শামীম তালুকদার, নাজমা আলমসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
হাওর ও কৃষিপ্রধান নেত্রকোনা অঞ্চলের কৃষি ও কৃষককে বাঁচাতে মানববন্ধন থেকে সুনির্দিষ্ট পাঁচটি দাবি তুলে ধরা হয়। সেগুলো হলো- নদী ও খাল খনন করে স্থায়ীভাবে এই অঞ্চলের জলাবদ্ধতা নিরসন করতে হবে। ফসলের অপচয় রোধে মাঠপর্যায়ে পর্যাপ্ত কোল্ড স্টোরেজ বা হিমাগার এবং এলএসডি গোডাউন নির্মাণ করতে হবে। নদী রক্ষা করার পাশাপাশি কৃষি সেচ ও বিদ্যুৎ ব্যবস্থার স্থায়ী উন্নয়ন নিশ্চিত করতে হবে। স্থানীয়ভাবে উৎপাদিত ফসলের সঠিক ও ন্যায্য মূল্য পেতে কৃষিভিত্তিক কলকারখানা গড়ে তুলতে হবে। এবং কৃষির মাঠপর্যায়ে সুপরিকল্পিত ও টেকসই উন্নয়নের বাস্তবায়ন করতে হবে।
যাঁরা পুরো দেশের মানুষের মুখে অন্ন তুলে দেন, তাঁদের বেঁচে থাকার ন্যূনতম অধিকার ও শ্রমের ন্যায্য মূল্যায়ন নিশ্চিত করার জোর দাবি জানিয়ে শেষ হয় এদিনের কর্মসূচি। কৃষকের নীরব কান্না যদি এখনই শোনা না হয়, তবে আগামীর বাংলাদেশের জন্য তা অশনিসংকেত হয়েই দেখা দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


