শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে ভারতের পক্ষ থেকে সামনে এসেছে দুটি গুরুত্বপূর্ণ শর্ত। তাঁর প্রত্যাবর্তন ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে ঢাকা ও নয়াদিল্লির কূটনৈতিক মহলে। তবে কী সেই দুটি শর্ত? আর শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারতের অবস্থানই বা কী?
বিবিসি বাংলার এক প্রতিবেদনে উঠে এসেছে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে ভারতের পক্ষ থেকে দুটি শর্তের কথা বিবেচনা করা হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রথম শর্ত হলো, বাংলাদেশে ফেরার পর শেখ হাসিনার নিরাপত্তার দায়িত্ব নিতে হবে বাংলাদেশ সেনাবাহিনীকে। অর্থাৎ, তাঁর দেশে প্রত্যাবর্তন এবং পরবর্তী নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
দ্বিতীয় শর্তটি বিচারিক প্রক্রিয়া ঘিরে। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ এবং ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে নতুন করে বিচারের সুযোগ নিশ্চিত করার বিষয়টি আলোচনায় এসেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনাকে বন্দি হিসেবে বাংলাদেশের বিমানে তুলে দিতে চায় না ভারত। বরং তাঁর প্রত্যাবর্তনের ক্ষেত্রে একটি গ্রহণযোগ্য ও নিরাপদ প্রক্রিয়া নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
এদিকে, শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর সম্ভাবনাও খুব একটা বাস্তবসম্মত বলে মনে করছেন ভারতীয় পর্যবেক্ষকদের একটি অংশ। তবে ডিসেম্বরের মধ্যে তাঁর বাংলাদেশে ফেরার সম্ভাবনা ক্ষীণ বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যাবর্তনের প্রশ্নটি এখন শুধু প্রত্যর্পণের মধ্যেই সীমাবদ্ধ নেই। এর সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, বিচারিক প্রক্রিয়া এবং বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ।


