নিজস্ব প্রতিবেদক: মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন। সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণের লক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ হিসেবে নেত্রকোনা সদর উপজেলায় অভিযান চালিয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে নেত্রকোনা সদর উপজেলার পূর্বচকপাড়া গ্রামে এ অভিযান ও আদালত পরিচালিত হয়।
দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তি হলেন- নেত্রকোনা সদর উপজেলার পূর্বচকপাড়া গ্রামের মৃত আতাহার মিয়ার ছেলে মো. রকি মিয়া (৩৫) এবং একই গ্রামের মৃত শামছুল হক লস্করের ছেলে মো. সজিব লস্কর (৪২)।
নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার পূর্বচকপাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ডিএনসির একটি দল। অভিযানকালে মাদক সেবনের অপরাধে রকি মিয়া ও সজিব লস্করকে হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে ঘটনাস্থলেই উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন। এ সময় আটককৃতরা নিজেদের দোষ স্বীকার করলে এবং সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তিনি আসামিদের দোষী সাব্যস্ত করেন। পরে তিনি দুই মাদকসেবীর প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একশো টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
রায় ঘোষণার পর আইনি প্রক্রিয়া শেষে কারাদণ্ডপ্রাপ্ত ওই দুই আসামিকে নেত্রকোনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।


