নিজস্ব প্রতিবেদক | The Mail BD
দেশের বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশজুড়ে সতর্কতা জারি করেছে পুলিশ। পরিস্থিতি মোকাবিলায় দেশের ৬৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ২২টি যানবাহনে অগ্নিসংযোগ এবং ২৮টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ঢাকার ১৯টি স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
এ ছাড়া গত শনিবার থেকে সোমবার পর্যন্ত বিভিন্ন নাশকতার ঘটনায় ২৯ জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
পুলিশ সূত্রে জানা গেছে, পরিস্থিতি বিবেচনায় গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক ও জনবহুল এলাকায় নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
আইজিপির নির্দেশনায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, নিয়মিত টহল এবং গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপনের বিষয়েও জোর দেওয়া হয়েছে। পাশাপাশি নাশকতার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।
সাম্প্রতিক এসব ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।


