নিজস্ব প্রতিবেদক: বিস্তীর্ণ জলরাশি আর প্রান্তিক জনপদ- নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার হাওর এলাকা সাধারণত শান্তই থাকে। এই নিভৃত পল্লিতেই হঠাৎ করে তৎপরতা দেখিয়েছে সম্প্রতি নিষিদ্ধ হওয়া সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। লোকচক্ষুর আড়ালে হাওরের মেঠোপথ ধরে বের করা হয়েছে আকস্মিক ঝটিকা মিছিল, স্লোগানে স্লোগানে জানান দেওয়া হয়েছে নিজেদের উপস্থিতির। একই সঙ্গে পার্শ্ববর্তী এলাকায় করা হয়েছে দেয়াল লিখনও।
গত ৯ নভেম্বর উপজেলার মেন্দিপুর ইউনিয়নের হাওর এলাকায় আকস্মিক মিছিলের ঘটনা ঘটে। স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলা স্বেচ্ছাসেবক লীগের নির্দেশনায় এবং উপজেলা শাখার উদ্যোগে ৩০ থেকে ৪০ জনের একটি দল এই কর্মসূচিতে অংশ নেয়। তবে এলাকাটি অত্যন্ত প্রত্যন্ত হওয়ায় তাৎক্ষণিকভাবে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসেনি।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, দিনের বেলা- সম্ভবত বিকেলের দিকে হাওরের কোনো এক অজ্ঞাত স্থানে মিছিলটি বের করা হয়। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে একটি বড় ব্যানার ছিল, যাতে নেত্রকোনার সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানসহ বেশ কয়েকজন নেতার ছবি শোভা পাচ্ছিল।
মিছিল থেকে বেশ কিছু উদ্দীপনামূলক রাজনৈতিক স্লোগান দেওয়া হয়। অংশগ্রহণকারীরা ‘আইতাছে রে আইতাছে, শেখের বেটি আইতাছে’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’- এমন স্লোগান দিয়ে হাওরের পরিবেশ কিছুটা সরগরম করে তোলেন। শুধু মেন্দিপুরেই নয়, এই কর্মসূচির অংশ হিসেবে উপজেলার কৃষ্ণপুর এলাকায় সংগঠনটির পক্ষ থেকে দেয়াল লিখনও করা হয়েছে বলে জানা গেছে। তবে মিছিলটি ঠিক কখন ও হাওরের কোন সুনির্দিষ্ট পয়েন্টে হয়েছে, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
হঠাৎ করে কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠন কেন এই দুর্গম এলাকাকে বেছে নিল- তা নিয়ে সচেতন মহলে চলছে নানা বিশ্লেষণ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের নামে ১০ নভেম্বর সারাদেশে ‘লকডাউন’ কর্মসূচির প্রচার বেশ জোরেশোরে ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, ওই কর্মসূচির ধারাবাহিকতায় এবং মাঠপর্যায়ে নিজেদের অস্তিত্বের প্রমাণ দিতেই খালিয়াজুরীর মতো নিরাপদ ও দুর্গম এলাকাকে বেছে নিয়ে ঝটিকা মিছিলের পরিকল্পনা করা হয়।
নিষিদ্ধ সংগঠনের এমন প্রকাশ্য তৎপরতা সম্পর্কে স্থানীয় প্রশাসন একেবারেই অন্ধকারে ছিল। এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিস্ময় প্রকাশ করেন।
ওসি মো. নাসির উদ্দিন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এত বড় হাওর এলাকায় এমন ঘটনা ঘটেছে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
রাজনৈতিক পটপরিবর্তনের পর নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের এমন কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে একধরনের কৌতূহল ও চাপা শঙ্কা তৈরি করেছে। পুলিশের নজরদারি এড়িয়ে কীভাবে এমন কর্মসূচি পালিত হলো, সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। পুলিশের তদন্তে প্রকৃত ঘটনা ও জড়িতদের পরিচয় বেরিয়ে আসবে বলে প্রত্যাশা স্থানীয়দের।


