নিজস্ব প্রতিবেদক: বিদ্যালয়টি যেন পরিণত হয়েছে অনিয়মের এক অঘোষিত মুক্তমঞ্চে। কখনো সেখানে শিক্ষকের বদলে ক্লাস নেন ‘প্রক্সি শিক্ষক’, কখনো আবার খোদ স্কুলের জমিই বিক্রি হয়ে যায় প্রভাবশালীদের ইশারায়! আর এসব অভিযোগের কেন্দ্রবিন্দুতে থাকা নেত্রকোনার বারহাট্টা উপজেলার ৭৯ নম্বর গুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এইচ এম রুহুল আমিন এবার জন্ম দিয়েছেন নতুন বিতর্কের।
সোমবার (৯ নভেম্বর) সকালে বিদ্যালয়ে এসে কেবল হাজিরা খাতায় স্বাক্ষর করেই ব্যক্তিগত কাজে ময়মনসিংহে চলে যাওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে চলে আসা এসব অনিয়ম নিয়ে স্থানীয়দের মনে জমছে ক্ষোভের পাহাড়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, সোমবার সকাল ৮টার দিকে বিদ্যালয়ে উপস্থিত হন রুহুল আমিন। এরপর প্রধান শিক্ষকের সাথে কথা বলে হাজিরা খাতায় নিজের স্বাক্ষরটি বসিয়ে দেন। কিন্তু পাঠদান তো দূরের কথা, কিছুক্ষণ পরই বিদ্যালয় ছেড়ে ব্যক্তিগত কাজে ময়মনসিংহের উদ্দেশে রওনা হন তিনি।
তবে এ ঘটনায় খোদ শিক্ষকদের কথার মাঝেই রয়েছে বিস্তর ফারাক। প্রধান শিক্ষক আব্দুল হান্নানের দাবি, রুহুল আমিন সকাল ৯টা ৪০ মিনিটে এসে হাজিরা দেন এবং মৌখিকভাবে ছুটি নিয়ে চলে যান। অন্যদিকে অভিযুক্ত শিক্ষক রুহুল আমিনের ভাষ্য, “আমি ডাক্তারের কাছে এসেছি। ছুটি নিয়েই এসেছি। আমার শরীর খারাপ।” কিন্তু বিদ্যালয়ের আরেক সহকারী শিক্ষিকা জেসমিন আরা জানান ভিন্ন কথা। তিনি সকাল ৯টায় বিদ্যালয়ে এসে রুহুল আমিনকে না পেলেও হাজিরা খাতায় তার স্বাক্ষর ঠিকই দেখতে পান।
এদিন সকাল ১১টায় বিদ্যালয়ের চিত্র ছিল আরও হতাশাজনক। পাঁচজন শিক্ষকের মধ্যে উপস্থিত ছিলেন মাত্র তিনজন, অথচ হাজিরা খাতায় স্বাক্ষর ছিল পাঁচজনেরই! শিক্ষকদের শতভাগ উপস্থিতির ভুয়া তালিকা মেসেঞ্জার গ্রুপেও পাঠানো হয় বলে জানা গেছে। এদিকে শ্রেণি কক্ষগুলোতে তখন কোনো শিক্ষক ছিলেন না। শিক্ষার্থীরা নিজেদের মতো কোলাহল করছিল, আর একটি কক্ষে দুটি শ্রেণির শিক্ষার্থীদের একসাথে বসিয়ে কোনোমতে পাঠদান চলছিল। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নানকে পায়ের ওপর পা তুলে চেয়ারে বসে থাকতে দেখা যায়।
রুহুল আমিনের বিরুদ্ধে এমন অভিযোগ এবারই প্রথম নয়। এর আগে গত মার্চ মাসেও তার বিরুদ্ধে প্রক্সি শিক্ষক দিয়ে ক্লাস নেওয়ানোর খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল। জানা যায়, খাতায়-কলমে তিনি শিক্ষক হলেও, বাস্তবে তিনি ব্যস্ত থাকেন ঠিকাদারি ব্যবসা ও রাজনীতি নিয়ে। তিনি বারহাট্টা থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির সাবেক উপদেষ্টা। এছাড়া তিনি ‘রুহুল-জাকির-হাবিব ঐক্য সোসাইটি’ নামের একটি শিক্ষক সংগঠনের কেন্দ্রীয় নেতা।
অভিযোগ রয়েছে, রাজনৈতিক পরিচয়ের দাপটেই তিনি বছরের পর বছর স্কুলে অনুপস্থিত থেকে নিজের পরিবর্তে প্রধান শিক্ষকের নাতনি ‘রূপা’ নামের এক তরুণীকে দিয়ে ক্লাস করিয়েছেন। গত ২৯ মার্চ সরেজমিনে দেখা যায়, স্কুলের খাতায় ৮৮ জন শিক্ষার্থী থাকলেও উপস্থিত ছিল মাত্র নয় জন। এছাড়া, সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক দলের পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগও রয়েছে এই শিক্ষকের বিরুদ্ধে। যদিও রুহুল আমিন ও প্রধান শিক্ষক বরাবরই প্রক্সির বিষয়টি অস্বীকার করে শিক্ষক স্বল্পতার অজুহাত দেখিয়ে এসেছেন।
সবচেয়ে ভয়ংকর অভিযোগটি হলো বিদ্যালয়ের জমি বিক্রি। প্রাপ্ত দলিল ও তথ্যানুযায়ী, ২০২২ সালে প্রধান শিক্ষক আ. হান্নান, জমি দাতা আ. মান্নান এবং সহকারী শিক্ষক রুহুল আমিন যোগসাজশ করে স্কুলের ৩০ শতাংশ (০.৩০ একর) জমি স্থানীয় ‘মনসুর আহমেদ মহিলা কলেজের’ কাছে বিক্রি করে দেন। এমনকি কলেজের নামে নামজারিও সম্পন্ন হয়। বিষয়টি জানাজানি হলে জালিয়াতি ঢাকতে ২০২৩ সালে ওই জমি পুনরায় জমি দাতা আ. মান্নান ও তার স্ত্রী হেলানা আক্তারের নামে নয় লাখ পাঁচ হাজার টাকায় কিনে নেওয়া হয়। আশ্চর্যের বিষয় হলো, এই দলিলে প্রধান সাক্ষী ছিলেন স্বয়ং রুহুল আমিন!
সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খবিরুল আহসান গত বছরের ২২ এপ্রিল এক পত্রে শিক্ষা অফিসারকে জানান, তদন্তে বিদ্যালয়ের দখলে জমি পাওয়া গেলেও জালিয়াতির কারণে কাগজপত্রে বিদ্যালয়ের স্বত্বাধিকার বিনষ্ট হয়েছে। তিনি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানালেও আজও প্রশাসন কোনো দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেয়নি।
বিদ্যালয়ের এসব দুর্নীতি নিয়ে কথা বলায় বিপাকে পড়েছেন শেখ মো. সিরাজুল ইসলাম নামের এক স্থানীয় বাসিন্দা। তিনি আক্ষেপ করে বলেন, “প্রশাসনসহ অনেকেই এসব অনিয়মের সাথে জড়িত। অভিযোগ করার পর থেকে আমি নিজ গ্রামে বসবাস করতে সমস্যায় পড়ছি।”
সার্বিক বিষয়ে বারহাট্টা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোস্তফা খান বলেন, “হাজিরা খাতায় স্বাক্ষর করে এভাবে বিদ্যালয় থেকে চলে যাওয়ার কোনো নিয়ম নেই। বিষয়টি নিয়ে প্রধান শিক্ষককে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে।” এর আগে প্রক্সি শিক্ষকের বিষয়েও ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা (এটিও) জিয়াউল হক প্রমাণ সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছিলেন, যা আজও আলোর মুখ দেখেনি।
শিক্ষার মতো একটি পবিত্র আঙিনায় দিনের পর দিন এমন অনিয়ম চলতে থাকায় হতাশ অভিভাবকরা। শিক্ষার মান নিয়ে শঙ্কিত হয়ে স্থানীয় বাসিন্দা সাইকুল মিয়াসহ অনেকেই তাদের সন্তানদের অন্য স্কুলে ভর্তি করাচ্ছেন। সর্বস্তরের মানুষের এখন একটাই দাবি- প্রভাবশালী মহলের রক্তচক্ষু উপেক্ষা করে এসব অভিযোগের একটি নিরপেক্ষ, সুষ্ঠু তদন্ত হোক এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে শিক্ষার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনা হোক।


