নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গোৎসবের আনন্দঘন পরিবেশ, ঢাকের বাদ্য আর ভক্তদের উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে নেত্রকোনার দুর্গাপুর পৌর শহর। উৎসবের রঙিন আবহে মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় ও তাদের আনন্দে শামিল হতে পৌর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পায়ে হেঁটে পরিদর্শন করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
এ সময় তিনি পূজামণ্ডপের আয়োজক, ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে আন্তরিক শুভেচ্ছা বিনিময় করেন। তাদের ভালোবাসাপূর্ণ আপ্যায়নে মিষ্টিমুখ করে সকলের সাথে পূজার আনন্দ ভাগাভাগি করে নেন। পৌর শহরের প্রতিটি পূজামণ্ডপে পৌঁছে তিনি পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঘুরে দেখেন পূজার আয়োজন, প্রতিমার সৌন্দর্য ও মণ্ডপের বর্ণিল সাজসজ্জা। উৎসবকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে যে আনন্দ, উচ্ছ্বাস ও মিলনমেলার আবহ তৈরি হয়েছে, তা খুব কাছ থেকে উপভোগ করেন তিনি।
পরিদর্শনকালে পৌর শহরের ঋষিপাড়া পূজামণ্ডপে ভিন্নধর্মী ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সেখানে ঋষি সম্প্রদায়ের শিশুদের সাথে পূজার শুভেচ্ছা বিনিময় ছিল পরিদর্শনের অন্যতম প্রধান আকর্ষণ। পূজামণ্ডপে ডেপুটি স্পিকারের উপস্থিতিতে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠে শিশুরা।
দেখা যায়, আলোকসজ্জিত উৎসবমুখর পরিবেশে পূজামণ্ডপে উপস্থিত নারী, শিশু ও সাধারণ মানুষের সাথে অত্যন্ত হাস্যোজ্জ্বল মুখে নিজের স্মার্টফোনে সেলফি তুলছেন তিনি। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করে তুলেছে। শিশুদের আন্তরিক অভ্যর্থনা, তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ কথোপকথন এবং মিষ্টিমুখের মধ্য দিয়ে পরিদর্শনের সময়টি হয়ে ওঠে অত্যন্ত আন্তরিকতাপূর্ণ। শিশুদের সাথে তাদের অভিভাবকগণও স্বতঃস্ফূর্তভাবে মিশে শুভেচ্ছা জানান, যার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের অসাম্প্রদায়িক সম্প্রীতির আবহ আরও সুন্দরভাবে ফুটে ওঠে।
ডেপুটি স্পিকারের মণ্ডপ পরিদর্শনকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। এ সময় প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিও উৎসবকে ঘিরে একটি সম্মিলিত ও সুশৃঙ্খল পরিবেশ তৈরি করে।
পৌর শহরের পূজামণ্ডপগুলোতে কোথাও ঢাকের তালে তালে পূজার প্রস্তুতি, কোথাও ভক্তদের একাগ্র প্রার্থনা, আবার কোথাও পরিবার-পরিজন নিয়ে প্রতিমা দর্শনে মানুষের পদচারণা- সব মিলিয়ে শহরজুড়ে ছড়িয়ে পড়েছে শারদীয় আনন্দ। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি মানুষের সঙ্গে কুশল বিনিময় ও সৌহার্দ্যের বন্ধন উৎসবটিকে আরও বেশি উৎসবমুখর করে তোলে।
ধর্ম-বর্ণ নির্বিশেষে পরস্পরের প্রতি শ্রদ্ধা, সহমর্মিতা ও ভালোবাসার মধ্য দিয়ে ডেপুটি স্পিকারের উপস্থিতি সমাজে শক্তিশালী সম্প্রীতির বার্তা পৌঁছে দিয়েছে। দুর্গাপুর ও কলমাকান্দার বৈচিত্র্যময় সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান উৎসবের আনন্দকে করেছে বহুগুণ বর্ণিল।
প্রতিবছরই উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক, ভেদাভেদ ভুলে মানুষে মানুষে গড়ে উঠুক ভালোবাসা ও ভ্রাতৃত্বের অটুট বন্ধন- শারদীয় দুর্গোৎসবের চিরন্তন প্রত্যাশা নিয়েই সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। দুর্গাপুর-কলমাকান্দার প্রতিটি জনপদে সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধার আবহ চিরকাল অটুট থাকুক- এমনটাই প্রত্যাশা করছেন সনাতন ধর্মাবলম্বীসহ সকল শ্রেণি-পেশার মানুষ।


