চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলার ১৫ নং নজরুল নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, ব্যবসায়ী ও সমাজসেবক মোল্লা আসাদুর রহমান রুবেল গণসংযোগ করেছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, হাট-বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ করেন তিনি।
এ সময় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। একই সঙ্গে নিজের প্রার্থিতার কথা জানিয়ে সবার দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। গণসংযোগকালে প্রবীণ ব্যক্তি, তরুণ, ব্যবসায়ী ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন রুবেল। তাঁদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও এলাকার উন্নয়ন পরিকল্পনা নিয়েও কথা বলেন তিনি। মোল্লা আসাদুর রহমান রুবেল নজরুল নগর ইউনিয়নের ঐতিহ্যবাহী মোল্লাবাড়ির সন্তান।
ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন ধরে শিক্ষা, ধর্মীয় ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন তিনি। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সামাজিক উদ্যোগে সহযোগিতার মাধ্যমে স্থানীয়দের সঙ্গে তার সুসম্পর্ক গড়ে উঠেছে বলে জানান তার সমর্থকরা। চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতির খবর ছড়িয়ে পড়ার পর ইউনিয়নের বিভিন্ন এলাকায় তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, নির্বাচিত হলে তিনি যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তার মতো বিষয়গুলোকে গুরুত্ব দেবেন।
নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে মোল্লা আসাদুর রহমান রুবেল বলেন, “আমি কোনো ক্ষমতার জন্য নির্বাচন করতে চাই না। জনগণের পাশে থেকে তাদের সেবক হিসেবে কাজ করাই আমার লক্ষ্য। মানুষের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। জনগণ আমাকে সুযোগ দিলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়নকে গুরুত্ব দিয়ে একটি আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে জনকল্যাণমূলক কার্যক্রম জোরদার, যোগাযোগ ও অবকাঠামোর উন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং মাদক নির্মূলে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। এদিকে, রুবেলের গণসংযোগকে ঘিরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় স্থানীয়দের মধ্যে আগ্রহ ও আলোচনা বাড়ছে। তার প্রার্থিতা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নজরুল নগরের স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


