জলঢাকা প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকায় সাংবাদিক ঐক্য পরিষদের অভিষেক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংবাদিক ঐক্য পরিষদ জলঢাকার সভাপতি আলহাজ্ব কামারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে যুক্ত ছিলেন, নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি।
মুঠোফোনে শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবর রহমান মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোল্লা ইফতেখার আহমেদ ও জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম। এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম, মো: হাসান রাব্বি প্রধান, সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন, সাংবাদিক ঐক্য পরিষদ জলঢাকা এর উপদেষ্টা ডা. মেসবাহুর রহমান মেজবাহ প্রধান।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার জলঢাকা উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম রাজ, সাধারণ সম্পাদক মো রিয়াদ ইসলাম সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা এলাকার সমস্যা, সম্ভাবনা, অনিয়ম ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সংবাদ প্রকাশে তথ্যের সত্যতা যাচাই, বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
ওসি নাজমুল আলম বলেন, সংবাদ সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের পুলিশ সহযোগিতা করবে। ইউএনও জান্নাতুল ফেরদৌস হ্যাপি প্রশাসন ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে এলাকার উন্নয়ন আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেন। প্রধান অতিথি মাওলানা ওবায়দুল্লাহ সালাফি বলেন, সাংবাদিকদের সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠতার সঙ্গে কাজ করতে হবে।
তথ্য-প্রমাণের ভিত্তিতে এলাকার বাস্তব চিত্র তুলে ধরার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, সাংবাদিক ঐক্য পরিষদ জলঢাকা কোন ব্যক্তিগত স্বার্থ হাসিলের প্ল্যাটফর্ম নয়। সাংবাদিকদের পেশাগত মর্যাদা, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে সংগঠনটি কাজ করবে।
অনুষ্ঠানের শেষ পর্বে নীলফামারী প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম সাংবাদিক ঐক্য পরিষদ জলঢাকার পুনর্গঠিত কমিটির আত্মপ্রকাশ ঘোষণা করেন। পরে সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতা করার আহ্বান জানান।


