ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলায় পৃথক ঘটনায় দুইশিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকালে ডোমার-জলঢাকা মহাসড়ক দুর্ঘটনায় ও ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের তিস্তা সেচ ক্যানেল এলাকায় পানিতে ডুবে এ মৃত্যুর র্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের তুহিন বাজার এলাকায় তিস্তা ক্যানেলের পাশে আজগার আলীর মেয়ে পাখি আক্তার (১২) ও একই এলাকার আবুল হোসেনের মেয়ে সিনহা আক্তার (৪) খেলা করছিলেন।
সম্পর্কে তারা খালা-ভাগনি। খেলার একপর্যায়ে সিনহা ক্যানেলের পানিতে পড়ে যায়। পরে পাখি আক্তার তাকে পানি থেকে তুলতে গেলে সেও পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের নিথর দেহ ভাসতে দেখে উদ্ধার করে ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অন্যদিকে, স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ১৭ আগস্ট, গরুবোঝাই একটি নসিমন জলঢাকা থেকে ডোমারের দিকে যাচ্ছিলেন।
এ সময়ে ডোমার-জলঢাকা মহাসড়কের তিনবট নামক স্থান এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি নসিমনের সংঘর্ষ হয়ে তিনজন গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শাহজাহান মিয়া (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়। নিহত শাহজাহান মিয়া ডিমলা উপজেলার রামডাঙ্গা এলাকার সাইদুল ইসলামের ছেলে ও আহতরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শাহজাহানের পরিবার সূত্রে জানা যায়, শাহজাহান এবার এসএসসি পাস করেছে।
কিছুদিনের মধ্যে তার মালয়েশিয়া যাওয়ার কথা ছিল মোটরসাইকেলে করে ডিমলা থেকে নীলফামারী পাসপোর্ট অফিসে যাচ্ছিলেন শাহজাহান মিয়া পরে ডোমার-জলঢাকা সড়কের তিনবট এলাকায় পৌঁছালে এই ঘটনা ঘটে। এদিকে তার এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে ডিমলা থানার (ওসি) শওকত আলী সরকার ও ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর হয়েছে।


