সুনামগঞ্জ প্রতিনিধি:
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের তাহিরপুর উপজেলার অধীনস্থ ২নং শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন শাখার সদস্য এহসানুল হক শাওনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. তারেক মিয়া ও সাধারণ সম্পাদক উবায়দুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়। অভিযোগ রয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ফ্যামিলি কার্ড বিতরণসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করেছেন।
এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হকের পক্ষে তিনি ফেসবুকে একাধিক পোস্ট করেন। সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সাথে এআই দিয়ে তৈরি করা একটি ছবি ব্যবহার করে তিনি নিজ চোখে ব্যান্ডেজ বেঁধে প্রতীকী প্রতিবাদ জানান। পাশাপাশি, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যাচেষ্টা মামলায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ–৩ আসনের সংসদ সদস্য ও হুইপ জি কে গউছ এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ আটজনকে আদালত খালাস দেওয়ায় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে খালাস দেওয়ার বিষয়টি নিয়ে ফেসবুকে সমালোচনা করে পোস্ট করেন।
এদিকে, বহিষ্কার হওয়া শাওন দীর্ঘদিন ধরে কাজের উদ্দেশ্যে দেশের বাহিরে রয়েছেন বলেও নিশ্চিত করেছে একটি সূত্র। এ বিষয়ে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. তারেক মিয়া বলেন, “সে (শাওন) জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য হলেও গুপ্ত রাজনীতি করেছে। ছাত্রদলের পদ পদবি নিয়ে অন্য একটি দলের পক্ষে কাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্টও করেছে, সেগুলোর স্ক্রিনশট আমাদের কাছে আছে। সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তাকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলে গুপ্ত রাজনীতি করার সুযোগ নেই।


