সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাসিন্দা ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন রিপনকে জড়িয়ে একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি। এক লিখিত প্রতিবাদলিপিতে তিনি এটিকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। প্রতিবাদলিপিতে রায়হান উদ্দিন রিপন বলেন, প্রকাশিত সংবাদে তাঁর বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ ও তথ্য উপস্থাপন করা হয়েছে, তার সঙ্গে বাস্তবতার বিন্দুমাত্র মিল নেই।
একটি কুচক্রী মহল তাঁর সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অসৎ উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাধারণ মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালা অনুসরণ না করে এবং কোনো ধরনের তথ্য যাচাই-বাছাই ছাড়াই একপেশে এ ধরনের সংবাদ প্রকাশ করা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
সংশ্লিষ্ট গণমাধ্যম ও দায়িত্বশীলদের প্রতি ভবিষ্যতে সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি। এ ধরনের মানহানিকর ও অসত্য তথ্য প্রকাশের ঘটনায় প্রয়োজনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও প্রতিবাদলিপিতে স্পষ্টভাবে উল্লেখ করেন যুবলীগ নেতা রায়হান উদ্দিন রিপন।
শেষে তিনি সর্বসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে কেউ বিভ্রান্ত হবেন না এবং যেকোনো তথ্য প্রচারের পূর্বে তার সত্যতা যাচাই করে দেখার অনুরোধ জানাচ্ছি।


