স্টাফ রিপোর্টার, জামালপুর:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা-গোপালগঞ্জ হাটখোলা, তারাকান্দি-ভূয়াপুর মহাসড়কে কয়েকটি গ্রামের মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন আগে যমুনা নদীতে বিলীন হওয়া জমিতে নতুন করে চর জেগে উঠলেও একটি বালুখেকো চক্র অপরিকল্পিতভাবে নদী থেকে বালু উত্তোলন করে আসছে। এর ফলে রসপাল, গোপালগঞ্জ, কাওয়ামারা, পিংনা, নলসন্ধা, উল্লাসসহ আশপাশের বিভিন্ন এলাকা আবারও নদীভাঙনের ঝুঁকিতে পড়েছে।
বক্তারা আরও বলেন, অবৈধ বালু উত্তোলন অব্যাহত থাকলে এলাকার বসতভিটা, কৃষিজমি ও বিভিন্ন স্থাপনা মারাত্মক হুমকির মুখে পড়বে। তাই দ্রুত যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যের প্রতি জোর দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন পিংনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেলাল হোসেন ময়নাল, পিংনা রসপাল জামে মসজিদের সভাপতি আবু সামা, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মুকুল, ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান, পিংনা কুলি শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল সবুরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


