নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের মাঝে বিতরণ করা হয়েছে। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল এমপির অনুকূলে ক্রীড়া সামগ্রীগুলো বরাদ্দ দেওয়া হয়।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সম্মেলন কক্ষে এসব সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. মিকাইল ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ফয়সল আহমেদ বাপ্পি।
এদিন, উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের হাতে ফুটবল, মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় ক্রীড়া ক্লাবের প্রতিনিধিদের হাতে ক্রিকেট খেলার সামগ্রী ও দাবা তুলে দেওয়া হয়। পাশাপাশি উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধির হাতে ভলিবল হস্তান্তর করা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও এস. এম. মিকাইল ইসলাম বলেন, “খেলাধুলা তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি অর্জন এবং সুস্থ জীবনধারায় উদ্বুদ্ধ করে। যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে আদর্শ ক্রীড়ামুখী সমাজ গঠনে সরকারের এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
ক্রীড়া সামগ্রী পেয়ে সংশ্লিষ্টরা উচ্ছ্বাস প্রকাশ করেন। কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ. কে. এম. শাজাহান কবীর আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “এসব ক্রীড়া উপকরণ শিক্ষার্থীদের খেলাধুলায় আরও বেশি উৎসাহিত করবে, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে।”
অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোশাররফ হোসেন খান, সমাজসেবক মজিবুর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তৃণমূল পর্যায়ে সরকারের এমন উদ্যোগ শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি স্থানীয় প্রতিভা বিকাশে সহায়ক হবে বলে মনে করছেন সচেতন মহল।


