শেখ শামীম: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় কৈশোরকালীন ও যুব সমাজের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার (SRHR) বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) দুপুরে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভার আয়োজন করা হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট’ এর উদ্যোগে এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ওয়ার্ল্ড রিনিউ এর অর্থায়নে আয়োজিত এ সভায় স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের জেন্ডার অফিসার রঞ্জিতা রানীর সঞ্চালনায় এবং কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, নেত্রকোনার সিভিল সার্জন ডা. মো. গোলাম মাওলা এবং পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম।
সভায় বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ আল মামুন, পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক গ্যাব্রিয়েল রোজারিও, কলমাকান্দা থানার ওসি (তদন্ত) সজল সরকার এবং রংছাতী ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান পাঠান বাবুল।
অনুষ্ঠানের শুরুতে পারি এসআরএইচআর প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার ইউনুস সাংমা প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের মূল উদ্দেশ্য, লক্ষ্য এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের সাহায্যে বিস্তারিতভাবে উপস্থাপন করেন।
সভায় বক্তারা বলেন, কৈশোরকালীন স্বাস্থ্য সচেতনতা, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার এবং যুব সমাজের মানসিক ও সামাজিক বিকাশ নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত প্রয়োজন। কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা ও সঠিক তথ্যপ্রাপ্তি সহজ করতে সরকারি ও বেসরকারি সমন্বিত কার্যক্রম আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন অতিথিরা।
এ অবহিতকরণ সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মিম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মিজানুর রহমান, মেডিকেল অফিসার ডা. বিজয় প্রকাশ বিশ্বাস, মনিটরিং ও ইভালুয়েশন অফিসার মো. মাহফুজুর রহমান, খারনৈ ইউপি চেয়ারম্যান মো. ওবাদুল হকসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, ইমাম, পুরোহিত, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি ও স্থানীয় সুধীজন।


