জাহিদুল ইসলাম ডিমলা:
দেশের তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার লক্ষ্যে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭’ (সিজন-২) শুভ উদ্বোধন হতে যাচ্ছে আজ ৫ নভেম্বর (বৃহস্পতিবার)। খুলনা জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে দেশব্যাপী এ ক্রীড়া আয়োজনের উদ্বোধন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে নীলফামারীর ডিমলা উপজেলায় এ উপলক্ষে বুধবার (৪ নভেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সভাকক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য গোলাম রব্বানী প্রধান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আরিফুল ইসলাম লিটন, উপজেলা জামায়াতের সেক্রেটারি রোকনুজ্জামান বাকুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্রনাথ রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসীম সরকার।
এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং গ্রামপর্যায়ে লুকিয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে তুলে আনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
প্রথম আসরের সফলতার ধারাবাহিকতায় এবার আরও বৃহৎ পরিসরে আয়োজন করা হচ্ছে দ্বিতীয় আসর। এতে স্কুল, মাদ্রাসা ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা ফুটবল, ক্রিকেট, দৌড়, লং জাম্প, হাই জাম্পসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণের সুযোগ পাবে। বক্তারা আরও বলেন, মাদক ও মোবাইল আসক্তি থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।
এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি আত্মবিশ্বাসী ও মেধাবী হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভায় জানানো হয়, আজ ৫ নভেম্বর বিকেল ৩টায় ডিমলায় উপজেলা পরিষদ মাঠে বড় পর্দায় প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার এবং একই সাথে উপজেলার ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-২) প্রতিযোগিতা উদ্বোধন করা হবে। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ক্রীড়াপ্রেমীসহ সর্বস্তরের মানুষকে অনুষ্ঠানে উপস্থিত থেকে উদ্বোধনী আয়োজন উপভোগ করার আহ্বান জানানো হয়।


