জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জামালপুর ৩৫ বিজিবি এর এ অভিযানে বিপুল পরিমাণ চোরাই ভারতীয় কসমেটিকস পণ্য উদ্ধার করা হয়েছে।
বিজিবি সূত্র থেকে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেওয়ানগঞ্জের পাথরেরচর বিজিবি ক্যাম্পের সদস্যরা বিশেষ অভিযানটি পরিচালনা করেন। দেওয়ানগঞ্জ সীমান্তের ১০৭৬ নম্বর সীমান্ত পিলারের নিকটবর্তী কুমারের চর এলাকা দিয়ে চোরাকারবারিরা পণ্য পাচারের চেষ্টা করছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মালামাল ফেলে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
পরবর্তীতে ওই এলাকা তল্লাশি করে সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের ৭৩১ পিস ভারতীয় কসমেটিকস পণ্য উদ্ধার করেন বিজিবি সদস্যরা। তবে পাচারকারীরা সটকে পড়ায় ঘটনাস্থল থেকে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত কসমেটিকস পণ্যগুলোর আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করতে বৃহস্পতিবার সেগুলো রৌমারী কাস্টমস কর্তৃপক্ষের নিকট আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে।
সীমান্তে বিজিবির এ অভিযানের বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর। তিনি বলেন, “সীমান্তে চোরাচালান ও মাদক বিরোধী অভিযান আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ এবং এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
