প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘গুচ্ছগ্রাম-৩ পর্যায় প্রকল্প’ গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আজ দুপুরে সংসদ অধিবেশনে ভোলা-২ আসনের সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহিমের করা নির্ধারিত এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা জাতীয় সংসদে এ কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘বর্তমান সরকার দেশের ভূমিহীন, গৃহহীন, ছিন্নমূল ও অসহায় পরিবারের জন্য টেকসই বাসস্থান এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতে বদ্ধপরিকর।’
তিনি বলেন, ‘ইতোপূর্বে ২০০১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় ‘আবাসন প্রকল্প’ গ্রহণ করা হয়। প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল সমগ্র বাংলাদেশে ভূমিহীন, গৃহহীন, ছিন্নমূল ও দুর্দশাগ্রস্ত পরিবারকে পুনর্বাসন করা। ২০০১ হতে ২০০৬ সাল পর্যন্ত সময়ে ৬৫ হাজার পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়।’
প্রধানমন্ত্রী বলেন, ‘ভূমি মন্ত্রণালয়ের অধীনে ভূমিহীন, গৃহহীন, ঠিকানাহীন এবং প্রাকৃতির দুর্যোগ ও নদীভাঙনের ফলে দুর্গত পরিবারকে পুনর্বাসনের জন্য বর্তমানে ‘গুচ্ছগ্রাম-৩ পর্যায় প্রকল্প’ গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’
স্বল্প, মধ্যম ও নিম্ন আয়ের মানুষদের জন্য সুপরিকল্পিত আবাসন সুবিধা সম্প্রসারণ এবং সাশ্রয়ী বাসস্থান নির্মাণ প্রকল্প গ্রহণের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ দেশের জেলা এবং উপজেলা পর্যায়ে স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য সুপরিকল্পিত আবাসন সুবিধা সম্প্রসারণ ও নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী বাসস্থান নির্মাণ প্রকল্প গ্রহণ করে থাকে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় আবাসন সংক্রান্ত প্রকল্প না থাকলেও ভবিষ্যতে প্রয়োজনীয়তার নিরিখে সম্ভাব্যতা যাচাইপূর্বক এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে সকাল ১১ টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।
