ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রণয় ভার্মা (আইএফএস : ১৯৯৪) বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে বেলজিয়াম এবং ইউরোপীয় ইউনিয়নে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি শিগগিরই নতুন দায়িত্ব গ্রহণ করবেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এ নিয়োগের মধ্য দিয়ে প্রণয় ভার্মা ব্রাসেলসে ভারতের রাষ্ট্রদূত সৌরভ কুমারের স্থলাভিষিক্ত হচ্ছেন। এদিকে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সূত্র বলছে, ঢাকায় প্রণয় ভার্মার উত্তরসূরি কে হবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।
প্রণয় ভার্মা ২০২২ সালের আগস্টে ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।