ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে দুই পাইকারি বিক্রেতাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার সিডস্টোর বাজার ও হবিরবাড়ী এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এবং র্যাব-১৪ এর যৌথ অভিযানে মেসার্স এন এন ট্রেডার্স ও মীম এন্টারপ্রাইজকে জরিমানা করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে দু’টি প্রতিষ্ঠান খুচরা বিক্রেতা ও সাধারণ ভোক্তাদের কাছে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করছিল। অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ময়মনসিংহের সহকারী পরিচালক আব্দুস ছালাম। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় র্যাব-১৪ ময়মনসিংহের সহকারী পুলিশ সুপার লুৎফা বেগমসহ র্যাবের সদস্যরা এবং ভালুকা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: সামসুল ইসলাম রমিজ উপস্থিত ছিলেন।
সহকারী পরিচালক আব্দুস ছালাম জানান, গ্যাস সিলিন্ডারের পাইকারি বাজারে সিন্ডিকেট ভাঙতে এবং সাধারণ মানুষের জন্য দাম সহনীয় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
