দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুরে থানা পুলিশের পৃথক অভিযানে ভারতীয় মদ ও নেশাজাতীয় ট্যাবলেটসহ ৪ জনকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন দুর্গাপুর থানার ওসি মো. কামরুল হাসান।
আটককৃতরা হলেন, ভারতীয় মদসহ ময়মনসিংহের আকুয়া এলাকার মো. শরিফ (২২)। এছাড়া ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুর্গাপুর উপজেলার ভাদুয়া গ্রামের মো. আলমগীর (২৫), মো. ওমর ফারুক (২০) এবং ময়মনসিংহের গৌরীপুর উপজেলার টেংগাপাড়া এলাকার মো. সাগর (২০)।
ওসি মো. কামরুল হাসান জানান, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের বিরিশিরি এলাকায় প্রধান সড়কে অভিযান চালিয়ে ৪৬ বোতল ভারতীয় মদসহ মো. শরিফ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। অপরদিকে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের ভাদুয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ৬২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশ।
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
