কেন্দুয়া প্রতিনিধি: পবিত্র মাহে রমজানের সহমর্মিতা ও মানবিকতার বার্তা নিয়ে নেত্রকোনার কেন্দুয়ায় শতাধিক পথচারী রোজাদারের মাঝে ইফতার বিতরণ করেছে অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবামূলক সংগঠন ‘হৃদয়ে আমার কেন্দুয়া’।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত কেন্দুয়া পুরাতন বাসস্ট্যান্ড মোড়ে এমন মহতি উদ্যোগের আয়োজন করা হয়।
ইফতার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি রতন খান এবং সহ-সভাপতি আমিরুল ইসলাম তুষার, আবু ওয়াশিদ খান, মেহেদী হাসান ও এনামুল হক।
এছাড়াও সদস্যদের মধ্যে তামিম ইকবাল, লিমন হাসান সূর্য, সৌরভ এবং জিয়াউর রহমান উপস্থিত থেকে সাধারণ মানুষের হাতে ইফতার তুলে দেন।
অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার কেন্দুয়া প্রতিনিধি শাহ আলী তৌফিক রিপন এবং দৈনিক ভোরের দর্পণ পত্রিকার প্রতিনিধি আব্দুল আওয়াল খান।
ইফতার বিতরণ শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় সংগঠনটির সভাপতি রতন খান বলেন, “রমজান আমাদের সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।” এ সময় সহ-সভাপতি আমিরুল ইসলাম তুষার ও মেহেদী হাসান ভবিষ্যতেও এমন মানবকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
উদ্যোগটির প্রশংসা করে সাংবাদিক শাহ আলী তৌফিক রিপন তাঁর বক্তব্যে বলেন, “অরাজনৈতিক সামাজিক সংগঠনগুলোর এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেয় এবং মানুষের মাঝে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে।”
উল্লেখ্য, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের জায়গা থেকে ‘হৃদয়ে আমার কেন্দুয়া’ দীর্ঘদিন ধরেই এলাকায় বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে সাধারণ মানুষের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
