নিজস্ব প্রতিবেদক: দেশের উত্তর সীমান্তের শান্ত জনপদগুলোকে ব্যবহার করে দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল মানবপাচার ও চোরাচালানকারী চক্র। সীমান্তপথে অবৈধ অনুপ্রবেশ ও পাচারের গোপন তৎপরতা রুখতে রবিবার গভীর রাতে ময়মনসিংহের ধোবাউড়া ও নেত্রকোনার দুর্গাপুর সীমান্তে সাঁড়াশি অভিযান চালায় যৌথ বাহিনী। মাত্র দুই ঘণ্টার ব্যবধানে পরিচালিত পাঁচটি পৃথক অভিযানে আটক করা হয় চক্রের পাঁচ সদস্যকে।
রবিবার (২৯ নভেম্বর) বেলা ১০টার দিকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি)। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচার প্রতিরোধে ৩১ বিজিবির চলমান নিরলস কার্যক্রমের ধারাবাহিকতাতেই যৌথ অভিযানগুলো পরিচালিত হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, রবিবার রাত ১২টা ১ মিনিট থেকে রাত ২টা পর্যন্ত নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ চারুয়াপাড়া বিওপির উদ্যোগে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তে চারটি পৃথক যৌথ অভিযান চালানো হয়। সীমান্ত পিলার ১১৪২/৩-এস থেকে আনুমানিক দুইশো গজ বাংলাদেশের অভ্যন্তরে গাছুয়াপাড়া এলাকায় পরিচালিত অভিযানগুলোতে বিজিবির পাশাপাশি পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন। পুরো অভিযানকালে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সেখানে উপস্থিত ছিলেন ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।
এই চারটি অভিযানে চারজন মানবপাচারকারীকে আটক করা হয়। তারা সবাই ময়মনসিংহের ধোবাউড়া থানার চারুয়াপাড়া ডাকঘরের গোবরচুনা গ্রামের বাসিন্দা। আটক ব্যক্তিরা হলেন- ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. রুবেল হোসেন এবং একই গ্রামের মৃত আব্দুল করিমের তিন ছেলে এনামুল হক (৩৩), মো. আনোয়ার হোসেন (৩০) ও মো. আজহারুল ইসলাম (২৭)। বিজিবি জানিয়েছে, আটককৃতদের মধ্যে মো. রুবেল হোসেনের বিরুদ্ধে আগে থেকেই তিনটি মামলা রয়েছে।
ধোবাউড়ার পাশাপাশি একই রাতে নেত্রকোনার দুর্গাপুর সীমান্তের আরেকটি পয়েন্টেও সক্রিয় ছিল যৌথ বাহিনী। রবিবার রাত সাড়ে ১২টা থেকে রাত ২টা পর্যন্ত ৩১ বিজিবির অধীনস্থ বিজয়পুর বিওপি এবং পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হয়। সীমান্ত পিলার ১১৪৯/এমপি থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জগতকুড়া এলাকা থেকে মো. হারুন মিয়া (৪২) নামে এক মানবপাচারকারীকে আটক করা হয়। তিনি নেত্রকোনার দুর্গাপুর থানার রাণীখং ডাকঘরের জগৎকুড়া গ্রামের মৃত জহুর আলীর ছেলে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে, তার বিরুদ্ধেও পূর্বে তিনটি মামলা রয়েছে।
বিজিবি জানায়, আটক পাঁচ ব্যক্তি কেবল মানবপাচারের সঙ্গেই যুক্ত নন, তারা একই সঙ্গে সীমান্তকেন্দ্রিক চোরাচালানের সঙ্গেও সরাসরি জড়িত। অভিযান শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চারুয়াপাড়া বিওপির অভিযানে আটক চারজনকে ধোবাউড়া থানায় এবং বিজয়পুর বিওপির অভিযানে আটক একজনকে দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সীমান্ত সুরক্ষায় বাহিনীর কঠোর অবস্থানের কথা তুলে ধরে ৩১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) জানান, বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন অবৈধভাবে প্রবেশ করতে বা বের হতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় বিজিবি পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এমন ধারা অব্যাহত থাকবে।


