রুহুল আমিন, গাজীপুর জেলা প্রতিনিধি:
গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় স্থানীয় সচেতন নাগরিকদের উদ্যোগে বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০ টায় গার্মেন্টস শিল্পে বেতন-ভাতা বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে সৃষ্ট শ্রম অসন্তোষ, বিশৃঙ্খলা, অরাজকতা ও শিল্প কারখানায় ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় সমাজসেবক ফখরুল ইসলাম প্রধানের নেতৃত্বে আয়োজিত মানববন্ধনে কয়েক শতাধিক স্থানীয় বাসিন্দা ও সচেতন নাগরিক অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন – তৈরি পোশাক শিল্প দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। এ শিল্পের সঙ্গে লাখো শ্রমিকের জীবন-জীবিকা এবং দেশের অর্থনৈতিক অগ্রগতি জড়িত। তাই এ খাতে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি হলে শ্রমিক, মালিক সহ সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। বক্তারা বলেন- শ্রমিকদের ন্যায্য বেতন-ভাতা ও অন্যান্য দাবি আলোচনার মাধ্যমে সমাধান করা জরুরি।
একই সঙ্গে শিল্প কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ, বিশৃঙ্খলা ও অরাজকতা কোনো ভাবেই কাম্য নয়। শ্রমিকদের অধিকার রক্ষার পাশাপাশি শিল্প কারখানার নিরাপত্তা ও উৎপাদন স্বাভাবিক রাখতে ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, শিল্প প্রতিষ্ঠান রক্ষা, কর্ম সংস্থানের সুযোগ বৃদ্ধি এবং শ্রমিক বান্ধব নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি। এ জন্য মালিক-শ্রমিক ও সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমঝোতা প্রয়োজন। এ সময় ‘শিল্প বাঁচান, কর্মসংস্থানের উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করুন’— এমন বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়।


