নিজস্ব প্রতিবেদক: পাহাড়ি নদী সোমেশ্বরী। বর্ষায় তার রূপ আর শুষ্ক মৌসুমে বালুচরের বিস্তৃতি পর্যটকদের টানলেও, নদীর দুই পাড়ের মানুষের জন্য তা ছিল দীর্ঘদিনের এক বিষাদময় আক্ষেপের নাম। বিশেষ করে শিবগঞ্জ ও দুর্গাপুর এলাকার সাধারণ মানুষ, শ্রমজীবী আর স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের প্রতিদিন এই নদী পার হতে গিয়ে পোহাতে হতো সীমাহীন দুর্ভোগ।
তবে দীর্ঘ সেই অপেক্ষার পালা ফুরিয়েছে। সোমেশ্বরীর বুকে মাথা তুলে দাঁড়িয়েছে প্রায় ৬০০ মিটার দীর্ঘ দৃষ্টিনন্দন বাঁশ ও কাঠের সেতু। আর চিরায়ত প্রথা ভেঙে এই স্বপ্নের সেতুর ফিতা কেটে উদ্বোধন করেছে কোনো প্রভাবশালী নেতা নয়, বরং এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের একঝাঁক কোমলমতি শিক্ষার্থী।
রবিবার (১৫ নভেম্বর) দুপুরে আনন্দমুখর পরিবেশে নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর ওপর নির্মিত দুই লেনের সেতুটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। স্থানীয়দের যাতায়াতের কষ্ট লাঘবে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এগিয়ে এসেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। প্রায় ২৪ লাখ টাকা ব্যয়ে তিনি নিজ অর্থায়নে সেতুটি নির্মাণ করে দিয়েছেন।
জানা যায়, বাঁশ ও কাঠের তৈরি হলেও প্রকৌশলগত দিক থেকে সেতুটি বেশ মজবুত। এটি শুধু পথচারীদের হাঁটার জন্যই নয়, বরং রিকশা, ভ্যান, মোটরসাইকেল এমনকি প্রাইভেটকার চলাচলের উপযোগী করে দুই লেনে তৈরি করা হয়েছে। যাতায়াতের নতুন দিগন্ত উন্মোচিত হওয়ায় দুই পাড়ের মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ও গ্রামীণ অর্থনীতিতে নতুন গতির সঞ্চার হয়েছে।
তবে সেতুটি নির্মাণের চেয়েও যে বিষয়টি এলাকায় সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে, তা হলো এর পরিচালনা নীতি। মানবিক উদ্যোগকে আরেক ধাপ উঁচুতে নিয়ে গেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি ঘোষণা দিয়েছেন, সাধারণ পথচারীদের নদী পারাপারের জন্য কোনো টাকা লাগবে না, এটি সম্পূর্ণ উন্মুক্ত। শুধুমাত্র সেতু পার হওয়া যানবাহনগুলো থেকে সামান্য টোল আদায় করা হবে। আর টোল থেকে পাওয়া লভ্যাংশের একটি টাকাও ব্যক্তিখাতে যাবে না; বরং পুরো আয় ব্যয় করা হবে স্থানীয় মসজিদ, মন্দির এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজে। রাজনীতি ও সমাজসেবার এমন মেলবন্ধন দেশে বিরল।
প্রতিদিনের নদী পারাপারের চরম ভোগান্তি থেকে মুক্তি পেয়ে সবচেয়ে বেশি উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। স্কুলশিক্ষার্থী রাজেশ্বরী রায় তার চোখেমুখে আনন্দের ঝিলিক নিয়ে বলে, ‘নদীর ওপর কোনো সেতু না থাকায় প্রায় প্রতিদিনই স্কুলে যেতে আমাদের চরম সমস্যায় পড়তে হতো। এলাকার শিক্ষার্থী ও সাধারণ মানুষের কথা ভেবে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবারও কাঠের সেতু তৈরি করে দিয়েছেন, এজন্য আমরা তার প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। তবে ওনার কাছে আমাদের দাবি- তিনি যেন ভবিষ্যতে সোমেশ্বরী নদীর ওপর স্থায়ী পাকা সেতু নির্মাণ করে দেন।’
আরেক শিক্ষার্থী আহমেদ ওমর তাসবী বলে, ‘ব্যারিস্টার কায়সার কামাল আমাদের কাছে নৈতিক শিক্ষার এক আলোকবর্তিকা। তিনি একজন মহান ও মানবিক মানুষ। তার কথা ও কাজের মিল রয়েছে বলেই মহান আল্লাহ তাকে এত বড় আসনে বসিয়েছেন। অবহেলিত এলাকায় এত বড় কাঠের সেতু নির্মাণ করে দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানাই। এই উদ্যোগ আমাদের শিক্ষা ও ভবিষ্যৎ অগ্রগতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
রবিবার দুপুরে সেতুটির উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে নদীর পাড়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শত শত মানুষের উপস্থিতিতে শুরুতেই দেশ, জাতি ও এলাকাবাসীর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা আব্দুর রব।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতারা উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ দেন। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ অ্যাডভোকেট এম এ জিন্নাহ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ জামাল উদ্দিন মাস্টার, কুল্লাগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাজাহান কবীর সরকার এবং সাধারণ সম্পাদক শাহআলম।
এছাড়াও স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সেতু পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এ আনন্দঘন মুহূর্তের সাক্ষী হন।
দীর্ঘদিনের বঞ্চনার পর সোমেশ্বরীর ওপর দিয়ে স্বাচ্ছন্দ্যে হেঁটে যাওয়ার সময় সাধারণ মানুষের চোখেমুখে যে তৃপ্তির হাসি দেখা গেছে, তা যেন পাহাড়ঘেরা দুর্গাপুরের এক নতুন ভোরের সূচনা করেছে।


