জামালপুর প্রতিনিধি: সন্ধ্যার আলো তখন সবে মিলিয়েছে। জামালপুর শহরের ব্যস্ততম গেইটপাড় এলাকার রেলওয়ে ওভারপাস দিয়ে প্রতিদিনের মতোই ঘরে ফিরছিলেন কর্মব্যস্ত মানুষ, চলছিল যানবাহন। হঠাৎই এক অজানা আতঙ্কে থমকে যায় পুরো এলাকার স্বাভাবিক ছন্দ। ওভারপাসের ওপর পড়ে থাকা একটি রহস্যময় ‘বোমা সদৃশ বস্তু’ ঘিরে মুহূর্তেই ছড়িয়ে পড়ে উদ্বেগ ও উৎকণ্ঠা। অবশেষে দীর্ঘ সাড়ে পাঁচ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অপেক্ষার পর মধ্যরাতে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষজ্ঞ দলের সফল অভিযানে নিষ্ক্রিয় করা হয় বস্তুটি। বিকট শব্দের মধ্য দিয়ে অবসান ঘটে দীর্ঘ সময়ের চাপা আতঙ্কের, স্বস্তি ফেরে শহরবাসীর মনে।
ঘটনার সূত্রপাত শনিবার সন্ধ্যা ৬টার দিকে। জামালপুর শহরের গেইটপাড় এলাকার রেলওয়ে ওভারপাস দিয়ে চলাচলের সময় পথচারীদের চোখে পড়ে সন্দেহজনক ওই বোমা সদৃশ বস্তুটি। মুহূর্তের মধ্যেই খবরটি ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে ভীতি সঞ্চার হয়।
পথচারীরা তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। জননিরাপত্তার কথা বিবেচনা করে এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবে পুরো রেলওয়ে ওভারপাসে সব ধরনের যান চলাচল বন্ধ ঘোষণা করে প্রশাসন। ঘিরে ফেলা হয় আশপাশের এলাকা। শহরের অন্যতম প্রধান এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এবং বোমা আতঙ্কে পুরো এলাকায় এক থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।
বস্তুটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় সেটি পরীক্ষার ও নিষ্ক্রিয়করণের জন্য খবর দেওয়া হয় সেনাবাহিনীকে। এরপর রাতেই টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাস থেকে দ্রুত জামালপুরের উদ্দেশে রওনা দেয় সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল।
মেজর শাহীনের নেতৃত্বে ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের একটি দক্ষ ‘বম্ব ডিসপোজাল ইউনিট’ ঘটনাস্থলে এসে পৌঁছায়। তারা অত্যন্ত সতর্কতার সঙ্গে ওভারপাস থেকে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করেন। পরে জনবহুল ওভারপাস থেকে সরিয়ে ফ্লাইওভারের কাছেই অবস্থিত ফুলবাড়িয়া ঈদগাহ ও শহরের জরিনা মিয়ার উদ্দিন স্কুল মাঠের নিরাপদ স্থানে সেটি নিয়ে যাওয়া হয়।
রাত তখন সাড়ে ১১টা। চারপাশের নিস্তব্ধতা ভেঙে হঠাৎই কেঁপে ওঠে এলাকা। সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা সফলভাবে বস্তুটি নিষ্ক্রিয় করেন। নিষ্ক্রিয় করার সময় এলাকায় বিকট একটি শব্দ পাওয়া যায়, যা শুনে অনেকেই চমকে ওঠেন। তবে এই শব্দের মধ্য দিয়েই নিশ্চিত হয় যে, বড় কোনো বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে শহরবাসী।
শহরের প্রাণকেন্দ্রে এমন বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনাটি কেবল জননিরাপত্তার প্রশ্নেই সীমাবদ্ধ থাকেনি, তা দ্রুত গড়িয়েছে রাজনৈতিক অঙ্গনেও। জনমনে আতঙ্ক ছড়ানোর ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগকে সরাসরি দায়ী করছে বিএনপি।
এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুন। পুরো ঘটনাটিকে পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, ‘রাজনৈতিকভাবে আতঙ্কিত করার জন্য সেই কথিত ফ্যাসিস্ট-এর দোসররা নানাভাবে ষড়যন্ত্র করছে, নানাভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আজকের বোমা সদৃশ বস্তুটি সেটা তারই অংশ।’
তবে এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে জামালপুরের মানুষকে ভীত করা যাবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এই সংসদ সদস্য। ওয়ারেছ আলী মামুন আরও বলেন, ‘তবে আমরা বলতে চাই- এটি করে জামালপুরকে অস্থিতিশীল করা যাবে না। জামালপুরকে আতঙ্কিত করা যাবে না।’
রাত সাড়ে ১১টার পর সেনাবাহিনীর সফল অভিযানে পরিস্থিতি স্বাভাবিক হলেও সাধারণ মানুষ ও সচেতন মহলের মনে রয়ে গেছে নানা প্রশ্ন। কে বা কারা সন্ধ্যার মতো ব্যস্ত সময়ে শহরের গুরুত্বপূর্ণ ওভারপাসে এমন আতঙ্ক সৃষ্টিকারী বস্তু রেখে গেল, তাদের মূল উদ্দেশ্যই বা কী ছিল- তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। শহরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ঘটনার নেপথ্যে থাকা প্রকৃত অপরাধীদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জামালপুরের সর্বস্তরের মানুষ।


