কেন্দুয়া প্রতিনিধি: চার বছরের দীর্ঘ প্রেমের সম্পর্ক। চোখে ছিল একসঙ্গে ঘর বাঁধার রঙিন স্বপ্ন। সেই বিশ্বাসের ওপর ভর করেই প্রিয় মানুষটির ডাকে সাড়া দিয়ে গভীর রাতে ঘর ছেড়েছিল পনেরো বছরের এক কিশোরী। কিন্তু তার সেই সরল বিশ্বাস যে এমন ভয়ংকর ও পৈশাচিক ফাঁদে রূপ নেবে, তা সে ঘুণাক্ষরেও ভাবতে পারেনি। বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে নির্জন ফসলি জমিতে প্রেমিক ও তার দুই সহযোগী মিলে পালাক্রমে ধর্ষণ করেছে নবম শ্রেণির স্কুলছাত্রীকে। শুধু তাই নয়, পৈশাচিকতার সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে বাড়ি ফিরতেও নিষেধ করে অভিযুক্তরা।
ভয়াবহ ও ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কামারগাঁও গ্রামে। লোকলজ্জা ও ভিডিও ভাইরাল হওয়ার আতঙ্কে দিশেহারা কিশোরী পরদিন ভোর পর্যন্ত এক বান্ধবীর বাড়ির বারান্দায় লুকিয়ে প্রহর গোনে। পরে খবর পেয়ে পরিবার তাকে উদ্ধার করে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। স্কুলে আসা-যাওয়ার পথে প্রতিবেশী মো. বদরুজ্জামানের ওরফে লিটনের ছেলে মো. শুভ (২৪) বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। দীর্ঘ চার বছর ধরে চলে তাদের সম্পর্ক।
গত ১৩ নভেম্বর (শুক্রবার)। রাত তখন আনুমানিক ১০টা। কিশোরীর বাবা বাড়িতে না থাকার সুযোগে শুভ তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে বের করে আনে। স্বপ্নাতুর কিশোরীকে নিয়ে যাওয়া হয় বসতবাড়ির পেছনের কান্দা ফসলি জমিতে। শুভ তাকে জানায়, কিছুক্ষণের মধ্যেই অটোরিকশা আসবে এবং তারা দুজনে অজানার উদ্দেশ্যে পাড়ি জমাবে। সেই আশায় তারা সেখানে অপেক্ষা করতে থাকে।
কিন্তু শুভর মনে ছিল পূর্ব পরিকল্পিত অন্য এক ভয়ংকর ছক। কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হয় শুভর প্রতিবেশী মো. মোখলেছুর রহমানের ছেলে মো. নূরে আলম (৩৩) এবং একই গ্রামের মো. ফজলু মিয়ার ছেলে শাহ আলম (৩১)। একপর্যায়ে অটোরিকশা আনার কথা বলে কিশোরীকে নূরে আলমের কাছে রেখে শুভ ও শাহ আলম সেখান থেকে সরে যায়।
রাত সাড়ে ১০টার দিকে নির্জন জমিতে কিশোরীকে একা পেয়ে নূরে আলম হত্যার ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় কিশোরীর আর্তচিৎকারে শুভ ও শাহ আলম ফিরে আসে। প্রেমিকাকে রক্ষার বদলে উল্টো ভয়ংকর রূপ নেয় শুভ। নাটকীয়ভাবে কিশোরীকে দোষারোপ করে সে বলে ওঠে, ‘তুই তোর চাচার সাথে খারাপ কাজ করেছিস, আমি তোকে বিয়ে করব না।’
এরপরের ঘটনা আরও নির্মম। শুভ নিজের মোবাইল ফোন নূরে আলমের হাতে দিয়ে ভিডিও করার নির্দেশ দেয় এবং ভয়ভীতি দেখিয়ে নিজেই কিশোরীকে ধর্ষণ করে। সেই দৃশ্য মোবাইলে ধারণ করে নূরে আলম। এরপর শুভর অনুমতি নিয়ে তৃতীয় আসামি শাহ আলমও প্রাণনাশের হুমকি দিয়ে কিশোরীকে ধর্ষণ করে। রাত সাড়ে ১০টা থেকে রাত ১টা পর্যন্ত, টানা আড়াই ঘণ্টা ধরে খোলা আকাশের নিচে চলে পাশবিক নির্যাতন।
পৈশাচিকতা শেষে রাত ১টার দিকে আসামিরা কিশোরীকে হুমকি দিয়ে বলে, সে যদি বাবার বাড়িতে ফিরে যায় তবে ধর্ষণের ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়া হবে। একদিকে সম্ভ্রম হারানোর ক্ষত, অন্যদিকে ভিডিও ভাইরাল হওয়ার ভয়- এই দুইয়ের চাপে বিপর্যস্ত ও বিধ্বস্ত কিশোরী নিজের বাড়িতে ফেরার সাহসটুকুও হারিয়ে ফেলে।
অন্ধকার রাতে একাকী সে ছুটে যায় পাশের গোপালপুর গ্রামে এক বান্ধবীর বাড়িতে। সেখানে আশ্রয় না পেয়ে গভীর রাতে পাড়ি জমায় পার্শ্ববর্তী শিবপুর গ্রামে অপর এক বান্ধবীর বাড়িতে। অত রাতে কাউকে ডাকার সাহস না পেয়ে শীতের রাতে তাদের বারান্দায় গুটিসুটি মেরে লুকিয়ে থাকে সে। পরদিন ১৪ নভেম্বর (শনিবার) সকাল ৭টার দিকে ওই বান্ধবীর মা-বাবা ঘুম থেকে উঠে কিশোরীকে দেখতে পান। তার কাছ থেকে লোমহর্ষক ঘটনার বিস্তারিত শুনে তারা কিশোরীর মাকে ফোনে বিষয়টি জানান। পরে পরিবারের সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
পারিবারিক আলাপ-আলোচনা শেষে শনিবার রাতেই ভুক্তভোগী কিশোরীর কৃষক বাবা বাদী হয়ে কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। রবিবার (১৫ নভেম্বর) অভিযোগটি নিয়মিত মামলা (এফআইআর) হিসেবে নথিভুক্ত করা হয়।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। মেয়েটির সাথে ওই তরুণের আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সূত্র ধরে দেখা করতে গেলে পূর্ব পরিকল্পিতভাবে জঘন্য ঘটনাটি ঘটানো হয়।’
ওসি আরও জানান, ‘আসামিদের এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তবে তাদের আইনের আওতায় আনতে আমাদের সর্বাত্মক অভিযান ও চেষ্টা অব্যাহত রয়েছে।’
একটি মেয়ের সাজানো স্বপ্ন কীভাবে এক রাতেই নির্মম দুঃস্বপ্নে পরিণত হতে পারে, কেন্দুয়ার এই ঘটনা তারই এক নিকৃষ্ট দৃষ্টান্ত। এখন কেবল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির অপেক্ষায় প্রহর গুনছে ভুক্তভোগী পরিবার ও সচেতন মহল।


