নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা সদর উপজেলার চালিশা ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের শাখায় গভীর রাতে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে ব্যাংকের প্রধান ফটক, সীমানা প্রাচীর ও সাইনবোর্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এক মাসের মধ্যে জেলার বিভিন্ন শাখায় এটি চতুর্থ নাশকতার ঘটনা হলেও, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি ব্যাংক কর্তৃপক্ষ।
শুক্রবার দিনগত মধ্য রাত থেকে শনিবার (১৪ নভেম্বর) ভোর রাতে যেকোনা সময়ের দিকে চালিশা বাজারের পাশে অবস্থিত ব্যাংকের চালিশা-নেত্রকোনা শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শাখা ব্যবস্থাপক শাহজাহান আলী জানান, রাতে এক ব্যক্তি ব্যাংকের ফটকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় নিরাপত্তাকর্মী আগুন দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন এবং আগুন নিভিয়ে ফেলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি লোহার ফটকের সামনে ও সাইনবোর্ডের চারপাশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করছে।
এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওর মাধ্যমে তারা অগ্নিকাণ্ডের বিষয়টি অবগত হয়েছেন। তিনি বলেন, আগুনে সাইনবোর্ডটি কিছুটা পুড়ে কালো হয়ে গেছে, তবে ওই স্থানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। ব্যাংক কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো অভিযোগ বা মামলা দায়ের না করায় পুলিশ এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি।
ওসি আরও জানান, গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ বর্তমানে চরম আতঙ্কের মধ্যে থাকলেও আইনি ব্যবস্থা নিতে তাদের লিখিত অভিযোগ দায়ের করা অপরিহার্য।
সাম্প্রতিক সময়ে নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের শাখাগুলো ধারাবাহিকভাবে লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এর আগে গত ১১ নভেম্বর এই চালিশা-নেত্রকোনা শাখা থেকেই সাদা স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছিল পুলিশ। ঠিক তার আগের দিন, ১০ নভেম্বর সদর উপজেলার দুগিয়া বাজারে ব্যাংকের আমতলা শাখার প্রবেশপথে আগুন দেওয়া হয়। এছাড়া গত ১৪ অক্টোবর জেলার মৌগাতি শাখাতেও অনুরূপ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
একের পর এক হামলা ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় কর্মীদের মাঝে আতঙ্ক বিরাজ করলেও, প্রতিটি ঘটনার পরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে থানায় কোনো অভিযোগ দায়ের করা থেকে বিরত থেকেছে শাখাগুলোর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। আনুষ্ঠানিক অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।


