নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার হাওরাঞ্চলের অন্যতম সম্পদ দলিমাটি জলমহাল। আর এই সরকারি জলমহালে আদালতের নির্দেশ (স্টে অর্ডার) অমান্য করে এবং ইজারামূল্য পরিশোধ না করে অবৈধভাবে মাছ ধরার দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে অভিযান পরিচালনা করেন খালিয়াজুরীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দলিমাটি জলমহালটির ওপর আদালতের স্থিতাবস্থা বা স্টে অর্ডার জারি ছিল। নিয়ম অনুযায়ী ইজারামূল্য পরিশোধ না করে সেখানে যেকোনো ধরনের মাছ ধরা বা ফিশিং কার্যক্রম সম্পূর্ণ বেআইনি। সরকারি বিধিনিষেধ ও আইনি প্রক্রিয়ার তোয়াক্কা না করে একটি চক্র সেখানে মাছ শিকার চালিয়ে আসছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে সেখানে আকস্মিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে সরকারি আদেশ অমান্য ও ইজারার শর্ত ভঙ্গের সুস্পষ্ট প্রমাণ সাপেক্ষে মো. জসিম উদ্দিন (৪২) নামের ব্যক্তিকে আইনের আওতায় আনা হয়। তিনি খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের বল্লী গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে তাকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করে।
হাওরাঞ্চলের জলমহালগুলো সরকারের রাজস্ব আয়ের একটি বড় উৎস। সেখানে এমন অবৈধ দখলদারিত্ব ও আদালতের নির্দেশ অমান্যের বিরুদ্ধে জরিমানা কঠোর বার্তা হিসেবেই দেখছেন স্থানীয়রা। সমাজের সকল স্তরের মানুষের একটাই প্রত্যাশা, উপজেলা প্রশাসনের এমন নিরপেক্ষ ও কঠোর তৎপরতা অব্যাহত থাকলে ভবিষ্যতেও কেউ সরকারি সম্পদ আত্মসাৎ বা আইন অমান্য করার সাহস পাবে না।


