বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭

নিজস্ব প্রতিবেদক: মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নেত্রকোনায় ধারাবাহিক অভিযান পরিচালনা করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এরই ধারাবাহিকতায় জেলার পূর্বধলা উপজেলায় গোপন অভিযানের মাধ্যমে চার কেজি গাঁজাসহ মো. ইউনুস খান (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএনসি’র একটি দল। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় এক লক্ষ ২০ হাজার টাকা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে পূর্বধলা থানাধীন নারান্দিয়া ইউনিয়নের নরনারায়নপুর গ্রামে ঝটিকা অভিযান পরিচালনা করে ডিএনসির রেইডিং টিম।

অভিযানকালে ওই গ্রামের বাসিন্দা মো. ইউনুস খানের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। তার দক্ষিণ দুয়ারী দুই কক্ষ বিশিষ্ট টিনের দুচালা ঘরে সুকৌশলে লুকিয়ে রাখা অবস্থায় একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করেন কর্মকর্তারা। বস্তাটি খুললে খাকি রঙের স্কচটেপে মোড়ানো দুটি পোটলা পাওয়া যায়। প্রতিটি পোটলায় দুই কেজি করে চার কেজি অবৈধ গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারি মো. ইউনুস খান পূর্বধলার নরনারায়নপুর গ্রামের মৃত আছির খান ও মৃত খোদেজা খাতুনের ছেলে। ধারণা করা হচ্ছে, সে দীর্ঘদিন ধরে নিজ বসতঘরকে ব্যবহার করে এলাকায় মাদকের অবৈধ রমরমা ব্যবসা চালিয়ে আসছিল।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হুদা বাদী হয়ে আসামির বিরুদ্ধে পূর্বধলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেছেন।

নেত্রকোনা জেলাকে মাদকমুক্ত করতে এবং যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে ডিএনসির এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version