নিজস্ব প্রতিবেদক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, সাম্যবাদ, মানবতা ও দেশপ্রেমের সুমহান আদর্শ নতুন প্রজন্মের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নেত্রকোনার কলমাকান্দায় শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার মূল লক্ষ্য হলো- শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি জাতীয় কবির বিপুল সাহিত্য, সংগীত ও সৃষ্টিকর্মের সঙ্গে তাদের নিবিড় পরিচয় ঘটানো।
সোমবার (৩১ আগস্ট) বেলা ১১টায় কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে উৎসবমুখর পরিবেশে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আব্দুল্লাহ আল মামুন। স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুহাম্মদ এনামুল হক তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান আসিফ, কলমাকান্দা উপজেলা বিএনপির সভাপতি এম. এ. খায়ের এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হাশেম।
উদ্বোধনী আলোচনা সভায় বক্তারা জাতীয় কবির বর্ণাঢ্য জীবন ও তাঁর কালজয়ী দর্শনের নানা দিক তুলে ধরেন। তারা বলেন, কাজী নজরুল ইসলাম তাঁর সৃষ্টিতে যে অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও মানবতার জয়গান গেয়েছেন, সমাজ ও রাষ্ট্র গঠনে তা চিরকাল প্রাসঙ্গিক। তরুণ ও নতুন প্রজন্মের কাছে নজরুলের এই আদর্শ যথাযথভাবে তুলে ধরতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বক্তারা আরও উল্লেখ করেন, এই প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের সুপ্ত মেধা ও সৃজনশীলতার যেমন সুস্থ বিকাশ ঘটবে, তেমনি তারা নজরুলের সুবিশাল সাহিত্য ও সংস্কৃতির চর্চা করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার সুযোগ পাবে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার নানা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আনুষ্ঠানিক আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কলমাকান্দা শিল্পকলা একাডেমির শিল্পীরা নজরুলের অমর সৃষ্টি থেকে মনোমুগ্ধকর নজরুলগীতি পরিবেশন করেন। শিল্পীদের সুমধুর পরিবেশনার মধ্য দিয়ে জাতীয় কবির সৃষ্টিকর্ম ও সংগীতের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পুরো আয়োজনটি কলমাকান্দার সংস্কৃতিকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বিপুল উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।


