নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং আনুষঙ্গিক বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই সার ডিলারকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) বিকেলে কলমাকান্দা সদর ইউনিয়নের বিভিন্ন বাজারে সার ডিলারদের কার্যক্রম মনিটরিংকালে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রবিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নে সারের বাজার পরিস্থিতি, মজুত ও ডিলারদের কার্যক্রম পরিদর্শনে যায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ সময় সার বিক্রিতে সরকারি নিয়ম-নীতি তোয়াক্কা না করা, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং কৃষকদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায়ের সত্যতা পাওয়া যায়। এসব অভিযোগের ভিত্তিতে এবং হাতেনাতে প্রমাণ পেয়ে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।
অভিযানে সার ব্যবস্থাপনা আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ‘মেসার্স মেহেদী এন্টারপ্রাইজে’র বিএডিসি সার ডিলারকে ১০ হাজার টাকা এবং ‘মেসার্স হাবিবুর রহমানে’র বিসিআইসি সার ডিলারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কলমাকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান আসিফ। সারের বাজার নিয়ন্ত্রণে পরিচালিত যৌথ অভিযানের সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতার জন্য কলমাকান্দা থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
সারের কৃত্রিম সংকট রোধ ও চলতি মৌসুমে কৃষকদের ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলে জানানো হয়। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান আসিফ বলেন, “কৃষকদের স্বার্থ রক্ষায় এবং সার বিক্রিতে যেকোনো ধরনের অনিয়ম ও অতিরিক্ত দাম আদায়ের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের তদারকি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। কৃষকদের জিম্মি করে কেউ ফায়দা লুটতে চাইলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”


