সোমবার, অক্টোবর ১২

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নে তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত ও মাদক থেকে দূরে রাখার মহৎ উদ্দেশ্যে শুরু হয়েছে ‘মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার সীমান্তবর্তী দেবথৈল খেলার মাঠে নানা আনুষ্ঠানিকতা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ১০টি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় শক্তিশালী ফারংপাড়া একাদশ এবং ইউনাইটেড এফসি। রেফারির বাঁশি বাজার পর থেকেই দুই দলের খেলোয়াড়রা আক্রমণ ও পাল্টা আক্রমণে মেতে ওঠেন। নির্ধারিত সময়জুড়ে উভয় দল প্রতিপক্ষের রক্ষণভাগে চির ধরিয়ে গোলের দারুণ সব সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত কেউই জালের দেখা পায়নি। ফলে তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচটি গোলশূন্য (০-০) ড্রয়ের মধ্য দিয়ে শেষ হয়।

মাঠের এই লড়াইয়ে ভিন্নমাত্রা যোগ করেন প্রখ্যাত ধারাভাষ্যকার মোহাম্মদ নজরুল। তার সাবলীল ও প্রাণবন্ত ধারাভাষ্য উপস্থিত হাজারো দর্শকের উন্মাদনা বাড়িয়ে দেয় এবং পুরো মাঠের পরিবেশকে আরও উৎসবমুখর করে তোলে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও ক্রীড়ানুরাগীদের মিলনমেলা বসে। ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক ফজলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বোরহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার (সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপি), আনোয়ার হোসেন আসাদ (যুগ্ম-সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি), মঞ্জুরুল হক মঞ্জু (সভাপতি, সুসঙ্গ সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ)।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক জালাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান, যুগ্ম-আহ্বায়ক মফিদুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক আবু সিদ্দিক রুক্কু এবং সদস্য সচিব আল ইমরান সম্রাট গনিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তৃণমূল পর্যায়ে ক্রীড়াচর্চার প্রসার ঘটানো এবং যুবসমাজকে বিপথগামী ও মাদক থেকে দূরে রাখার প্রয়াসেই এই টুর্নামেন্টের আয়োজন। ১০টি দলের অংশগ্রহণে আয়োজিত টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

প্রথম দিনের ম্যাচটি গোলশূন্য ড্র হলেও খেলোয়াড়দের নৈপুণ্য, দুই দলের জমজমাট লড়াই, দর্শকদের বাঁধভাঙা উচ্ছ্বাস এবং নজরকাড়া ধারাভাষ্যে পুরো উদ্বোধনী আয়োজনটি এক আনন্দঘন উৎসবে পরিণত হয়। আগামী ম্যাচগুলোতেও উত্তেজনা বজায় থাকবে বলে আশাবাদী আয়োজক ও দর্শকরা।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version