সোমবার, অক্টোবর ১২

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার ও কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত তিন দিনব্যাপী ‘কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’-এর সফল সমাপ্তি হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার সমাপনী আলোচনা সভা ও বিজয়ী কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন নেত্রকোনা খামারবাড়ির অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মুরশেদুল হক।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ রিপন সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুহুল আমিন এবং কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম।

ধর্মীয় সম্প্রীতির আবহে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠানের সূচনা হয়। এরপর মেলায় অংশগ্রহণকারী কৃষকদের মধ্যে প্রাণবন্ত আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কৃষি কার্যক্রমে বিশেষ অবদান রাখা এবং মেলায় অংশগ্রহণকারী সেরা কৃষকদের হাতে উৎসাহমূলক পুরস্কার ও সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

কৃষকদের পক্ষ থেকে অনুষ্ঠানে নিজেদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য রাখেন কৃষক শাহানুর মিয়া এবং কৃষাণী নাজমা খাতুনসহ আরও অনেকে।

সমাপনী আলোচনা সভায় বক্তারা কৃষিতে প্রযুক্তির প্রসারের ওপর জোর দিয়ে বলেন, “বর্তমান সময়ে কৃষিতে আধুনিক যন্ত্রপাতির কোনো বিকল্প নেই। আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার তৃণমূল পর্যায়ে বাড়াতে পারলে ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকের আয় উল্লেখযোগ্য হারে বাড়বে। এর মাধ্যমে দেশে নিরাপদ, পরিবেশবান্ধব ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।”

গত রোববার (২৪ আগস্ট) জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন। তিন দিন ধরে চলা এই মেলায় আধুনিক কৃষি যন্ত্রপাতি, নতুন উদ্ভাবিত প্রযুক্তি ও উন্নত জাতের ফসলের প্রদর্শনী স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version