নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় রাতের আঁধারে সড়কের পাশে রোপণ করা ৩৫টি গাছের চারা ও সুরক্ষাবেষ্টনী উপড়ে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। বুধবার (২৬ আগস্ট) সকালে বিষয়টি স্থানীয়দের নজরে এলে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

এরআগে, গতকাল (মঙ্গলবার) দিবাগত রাতে উপজেলার কলমাকান্দা-নেত্রকোনা আঞ্চলিক সড়কের বাবনি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সড়কের সৌন্দর্য বাড়ানোর লক্ষ্যে চলতি মাসের ৫ তারিখে মহতী উদ্যোগ গ্রহণ করা হয়। ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে কলমাকান্দা-নেত্রকোনা আঞ্চলিক সড়কের দুই পাশে পাঁচ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছিল। উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এর মধ্যেই বাবনি এলাকায় রোপণ করা প্রায় ৩৫টি চারা রাতের অন্ধকারে কে বা কারা উপড়ে ফেলে দেয়।

এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় নেতৃবৃন্দ। কলমাকান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম জহির ক্ষোভ প্রকাশ করে বলেন, “মাননীয় ডেপুটি স্পিকারের নির্দেশনায় গত ৫ আগস্ট আমরা এ সড়কের পাশে বৃক্ষরোপণ করেছিলাম। রাতের আঁধারে গাছের চারা ও বেড়া উপড়ে ফেলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও ঘৃণা জানাই।”

তিনি সন্দেহ প্রকাশ করে আরও বলেন, “একটি কুচক্রী মহল তারেক রহমানের জনস্বার্থমূলক উদ্যোগ সহ্য করতে না পেরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে।” তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান।

এলাকাবাসীর মতে, সড়কের পাশে লাগানো এসব চারা বড় হলে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা হতো, অন্যদিকে সড়কের সৌন্দর্যও বহুগুণ বৃদ্ধি পেত। রাতের আঁধারে এমন বৃক্ষনিধনের ঘটনায় তারা জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, “ঘটনাটি সত্যিই খুবই দুঃখজনক। খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version