সোমবার, অক্টোবর ১২

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দিনব্যাপী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ইসলামিক ফাউন্ডেশন এবং মসজিদে মসজিদে আলোচনা সভা, কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এদিন সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্তে নবী করিম (সা.)-এর জীবনাদর্শ নিয়ে আলোচনা শুরু হয়। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মের পবিত্র এই দিনটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনসহ প্রতিটি প্রতিষ্ঠানে বিশেষ গুরুত্বের সাথে তাঁর শান্তি ও মানবতার বাণী তুলে ধরা হয়।

দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে এ উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনের শিক্ষা ও তাঁর মহান চরিত্রের ওপর বিস্তারিত আলোচনা করেন বক্তারা। দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক আব্দুল আজিজ, প্রভাষক আব্দুল্লাহ্ আল মামুন ও তোবারক হোসেন খোকন। বক্তারা নবীজির আদর্শ বাস্তব জীবনে প্রতিফলনের ওপর জোর দেন এবং তাঁর দেখানো পথে চলার আহ্বান জানান।

এছাড়াও উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও ছিল ব্যাপক আয়োজন। পৌরশহরের দ্বীনি আলীম মাদরাসা, এম কে সি এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, বিরিশিরি পার্সি চার্চ নল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন এবং সুসং সরকারি মহাবিদ্যালয়সহ বিভিন্ন স্কুল ও কলেজে আলোচনা সভা, মিলাদ মাহফিলের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আয়োজিত এসব অনুষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) তাৎপর্য তুলে ধরে নবীজির (সা.) অসাম্প্রদায়িক চেতনা ও মানবতার আদর্শ অনুসরণের গুরুত্ব নিয়ে বিশদ আলোচনা করা হয়। দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠান ও দোয়ার মধ্য দিয়ে মহানবী (সা.)-এর প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেন দুর্গাপুরের ধর্মপ্রাণ মুসলিমরা। সবশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version