নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর তীর থেকে শাহীন চৌধুরী (৫৫) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালের দিকে উপজেলার পূর্ব বাকলজোড়া এলাকার জামে মসজিদ সংলগ্ন নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত শাহীন চৌধুরী দুর্গাপুর উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের বরইউন্দ গ্রামের মৃত আ. লতিফ চৌধুরী ও রহিমা চৌধুরীর ছেলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের ছোট ভাই কায়সার আহমেদ চৌধুরী (৪৪) মরদেহ শনাক্ত করেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, নিহত শাহীন চৌধুরী প্রায় ৩০ বছর ধরে মাদকাসক্ত ছিলেন। নেশাগ্রস্ত অবস্থায় তিনি প্রায়ই বিভিন্ন স্থানে অচেতন হয়ে পড়ে থাকতেন। ধারণা করা হচ্ছে, পানিতে পড়ে গিয়েই তার মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মরদেহে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঘটনার বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকা এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


