নিজস্ব প্রতিবেদক: গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার রক্তক্ষয়ী সংগ্রামে জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। এই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
নেত্রকোনার কলমাকান্দায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে সম্মাননা ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ স্মরণ করার পাশাপাশি আহত জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার তারিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের সঠিক ইতিহাস, বৈষম্যহীন চেতনার কথা এবং আত্মত্যাগের মহান আদর্শ তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। তারা শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের পাশে থেকে তাদের সার্বিক কল্যাণে আন্তরিকভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কলমাকান্দার সহকারী কমিশনার (ভূমি) শামছুজ্জামান আসিফ, কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি এম. এ. খায়ের, সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূঁইয়া, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল হাশেম, এনসিপির প্রধান সমন্বয়ক আহমেদ শফি এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী চাঁন মিয়া।
এছাড়াও আলোচনায় অংশ নেন বিএনপি নেতা আব্দুস ছালাম কেরন, এইচ. আর. নাজিম, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম (জহির) এবং উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক হাসান সৌরভসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।


