জামালপুর প্রতিনিধি: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামালপুরে পথসভা, আলোচনা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে শহরের তমালতলা মোড়ে জাতীয় যুব সংহতি, জামালপুর জেলা শাখার উদ্যোগে এই স্মরণসভা ও কর্মসূচির আয়োজন করা হয়।
দিনব্যাপী আয়োজনের শুরুতে তমালতলা এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়। জাতীয় যুব সংহতি জামালপুর জেলা শাখার সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ পথসভায় বক্তব্য রাখেন শহর যুব সংহতির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিমসহ জেলা জাতীয় পার্টি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পথসভায় বক্তারা প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও তার শাসনামলের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন। তারা বলেন, জাতীয় পার্টির শাসনামলে দেশে যে অভূতপূর্ব উন্নয়ন ও অগ্রগতি সাধিত হয়েছিল, তা দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। উপজেলা পরিষদ ব্যবস্থা প্রবর্তনসহ সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এরশাদের নেওয়া যুগান্তকারী পদক্ষেপগুলো আজও দৃশ্যমান। বক্তারা দেশের মানুষের কল্যাণে পল্লীবন্ধু এরশাদের আদর্শ ও কর্মসূচিগুলোকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
স্মৃতিচারণ ও আলোচনা শেষে প্রয়াত নেতার রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে জাতীয় যুব সংহতির নেতৃবৃন্দ শহরের বিভিন্ন এলাকার অসহায়, ছিন্নমূল ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেন।
এ সময় কর্মসূচিতে জাতীয় পার্টি, জাতীয় যুব সংহতি, ছাত্র সমাজসহ অন্যান্য সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


