নিজস্ব প্রতিবেদক: মাদকের করাল গ্রাস থেকে তরুণ ও যুবসমাজকে রক্ষা করতে নেত্রকোনার দুর্গাপুরে ব্যতিক্রমী মাদকবিরোধী কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশন’। মঙ্গলবার রাতে দুর্গাপুর সাংবাদিক সমিতির সামনে বড় পর্দায় ফুটবল খেলা দেখতে জড়ো হওয়া শত শত ফুটবলপ্রেমী মেতে উঠেছিলেন মাদকের বিরুদ্ধে প্রতিবাদের এক অনন্য উৎসবে।
জানা যায়, মঙ্গলবার রাতে বড় পর্দায় আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার ফুটবল ম্যাচ উপভোগ করার আয়োজন করা হয়। খেলাকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশে স্থানীয় ফুটবলপ্রেমী, বিশেষ করে আর্জেন্টিনার জার্সি পরিহিত সমর্থকদের ঢল নামে। তরুণদের স্বতঃস্ফূর্ত জমায়েতকে কাজে লাগিয়ে এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশন মাদকবিরোধী সচেতনতামূলক ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করে।
খেলার এক পর্যায়ে উপস্থিত তরুণ ও যুবকরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে মাদক নির্মূলের দৃঢ় শপথ গ্রহণ করেন। তাদের হাতের প্ল্যাকার্ডগুলোতে লেখা ছিল- ‘কলম ধরো বই পড়ো, মাদকমুক্ত সমাজ গড়ো’, ‘নেশার অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসুন’, ‘মাদক ক্ষণিকের সুখ, চিরকালের অসুখ’, এবং ‘মাদক কোনো সমাধান নয়, এটি কেবলই ধ্বংস ডেকে আনে’।
উপস্থিত বিপুল সংখ্যক ফুটবলপ্রেমীকে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সৈকত সরকার। শপথে তরুণরা সমস্বরে ডান হাত সামনে প্রসারিত করে অঙ্গীকার করেন- “আমরা নিজেরা কখনো মাদকের স্পর্শে যাব না। পরিবার ও সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সবসময় সচেতন ভূমিকা পালন করব। যুবসমাজকে মাদকের অন্ধকার থেকে দূরে সরিয়ে এনে সুস্থ ধারায় এবং খেলার মাঠে ফিরিয়ে আনতে একতাবদ্ধ হয়ে কাজ করব।”
অনুষ্ঠানে অংশগ্রহণকারী ফুটবলপ্রেমী রাতুল খান রুদ্র তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “আমরা ফুটবলপ্রেমী, আমরা মাঠের সবুজ ঘাস আর ফুটবলের গতিকে ভালোবাসি। মাদক আমাদের তরুণ সমাজকে প্রতিনিয়ত ধ্বংস করছে, কেড়ে নিচ্ছে মাঠের নির্মল আনন্দ। আজ আমরা দৃঢ়ভাবে শপথ করছি, আমরা নিজেরা কখনো মাদকের ছায়ায় যাব না এবং আমাদের কোনো বন্ধু বা সমাজের কাউকেই পথভ্রষ্ট হতে দেব না। যুবসমাজকে জাগিয়ে তোলার জন্য এসবি রক্তদান ফাউন্ডেশনকে এমন সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।”
ব্যতিক্রমী এই আয়োজন প্রসঙ্গে এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সৈকত সরকার বলেন, “আমাদের সংগঠনটি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে প্রতিনিয়ত মাদকের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক প্রতিজ্ঞা নিয়ে এখানে সমবেত হয়েছি। আমাদের তরুণদের হাতে যে প্ল্যাকার্ডগুলো শোভা পাচ্ছে, তা কেবল কিছু স্লোগান নয়; এটি আমাদের সুন্দর, সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ গড়ার একটি সামাজিক অঙ্গীকার। আসুন, আমরা সবাই মিলে মাদকমুক্ত সুস্থ সমাজ গড়ে তুলি এবং মাদককে চিরতরে ‘না’ বলি। মাদকের বিরুদ্ধে আমাদের এই সামাজিক আন্দোলন ও কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।”
স্থানীয় সচেতন মহল মনে করেন, খেলাধুলার প্রতি তরুণদের যে প্রবল আবেগ, তাকে ইতিবাচক কাজে লাগিয়ে এমন মাদকবিরোধী প্রচারণা সমাজে সুদূরপ্রসারী প্রভাব ফেলবে। যুবসমাজকে বিপথগামী হওয়ার হাত থেকে বাঁচাতে এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের নান্দনিক এই উদ্যোগ সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।


