নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন উপজেলা ও পৌর ছাত্রদলের নবগঠিত (আংশিক) কমিটি ঘোষণাকে কেন্দ্র করে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে উপজেলা ও পৌর ছাত্রদলের তৃণমূল নেতাকর্মীদের উদ্যোগে এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর মঙ্গলবার দুপুর থেকেই মদন উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও সাংগঠনিক ইউনিট থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা স্থানীয় দলীয় কার্যালয়ে এসে জড়ো হতে থাকেন। এ সময় দলীয় কার্যালয়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কর্মসূচির শুরুতে বিভিন্ন ইউনিট থেকে আগত নেতাকর্মীরা নবগঠিত কমিটির নেতাদের ফুল দিয়ে ও ফুলের মালা পরিয়ে বরণ করে নেন।
ফুলেল শুভেচ্ছা ও বরণ পর্ব শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি মদন উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও প্রধান প্রধান তোরণ প্রদক্ষিণ করে। মিছিলে নতুন কমিটিকে স্বাগত জানিয়ে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় নির্ধারিত স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দ ছাত্রদলের অতীত ও বর্তমান আন্দোলন-সংগ্রামের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, দেশের যেকোনো গণতান্ত্রিক সংকটে এবং ছাত্রসমাজের অধিকার আদায়ে ছাত্রদল সবসময় রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামী দিনেও রাজপথের আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।
আনন্দ মিছিল ও বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন সেকুল, সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী টুটন ও শামসুল আলম লালু।
এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সদ্য সাবেক পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুল রহমান মিটুসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী।


