নিজস্ব প্রতিবেদক: গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা, তথ্য অধিকার আইনের বাস্তব প্রয়োগ এবং বর্তমান আইনি কাঠামোর চ্যালেঞ্জ নিয়ে নেত্রকোনায় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে শহরের বেসরকারি উন্নয়ন সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতির (সাস) ড্রিম সেন্টারে ‘গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক এ সভার আয়োজন করে স্বাবলম্বী উন্নয়ন সমিতি। ‘ডিফেন্ডিং হিউম্যান রাইটস থ্রু নেটওয়ার্ক স্ট্রেংথেনিং (ডিএইচআরএনএস)’ প্রকল্পের আওতায় আয়োজিত এই সংলাপে সহায়তা প্রদান করে ঢাকার মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।

সভায় বক্তারা অভিযোগ করেন, দেশে তথ্য অধিকার আইন থাকলেও সরকারি দপ্তরগুলো থেকে কাঙ্ক্ষিত তথ্য পাওয়া যাচ্ছে না। পাশাপাশি ‘সাইবার সিকিউরিটি অধ্যাদেশ ২০২৫’ এর মতো আইনি কাঠামোর কারণে মাঠপর্যায়ের সাংবাদিকদের মাঝে এক ধরনের ভীতি কাজ করছে।

এতে স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক স্বপন কুমার পালের সঞ্চালনায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রধান নির্বাহী অ্যাডভোকেট সাইদুর রহমান সভায় মূল আলোচনায় অংশ নিয়ে বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমকে বলা হয় চতুর্থ স্তম্ভ। এই স্তম্ভের দৃঢ়তা নির্ভর করে সাংবাদিকদের সততা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের ওপর। বর্তমানে মাঠ পর্যায়ের সাংবাদিকরা তথ্য প্রাপ্তির সীমাবদ্ধতা, পেশাগত নিরাপত্তা ঝুঁকি এবং আইনি জটিলতাসহ নানা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন।

তিনি আরও বলেন, ভুয়া খবর বা বিভ্রান্তিকর তথ্য সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এ অবস্থায় সাংবাদিকতার সুরক্ষা নিশ্চিত করতে আইনি কাঠামোগুলোর প্রভাব নিয়ে খোলামেলা আলোচনা প্রয়োজন।

দীর্ঘ ৫৭ বছরের সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা তুলে ধরে জ্যেষ্ঠ সাংবাদিক শ্যামলেন্দু পাল বলেন, আইন থাকলেও সরকারি অফিসগুলোতে তথ্য চেয়ে আবেদন করে কোনো সাড়া পাওয়া যায় না। তিনি উদাহরণ টেনে বলেন, একটি নির্দিষ্ট এলাকায় হামের প্রকোপ দেখা দেওয়ার পর সিভিল সার্জন কার্যালয় থেকে তথ্য চেয়েও অসহযোগিতার শিকার হতে হয়েছে। প্রতিটি সরকারি দপ্তরে তথ্য প্রদানকারী কর্মকর্তা নিয়োগের বিধান থাকলেও বাস্তবে এর কোনো কার্যকারিতা নেই।

সভায় গণতন্ত্রের বর্তমান প্রেক্ষাপট নিয়ে নিজস্ব বিশ্লেষণ তুলে ধরেন জ্যেষ্ঠ সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী। ষাটের দশকের গণতান্ত্রিক আন্দোলন ও মুক্তিযুদ্ধের এই সংগঠক আক্ষেপ করে বলেন, “বর্তমান সময়ে অনেকেই গণতন্ত্রের সংজ্ঞাকে পরিহাস করে- আমার বেলা আমার তন্ত্র, তোমার বেলা তোমার তন্ত্র।” তার মতে, যে যার নিজস্ব বলয়ে নিজের মত চাপিয়ে দেওয়াই যেন এখনকার গণতন্ত্রের অলিখিত রূপে পরিণত হয়েছে।

মতবিনিময় এই সভায় স্বাবলম্বী উন্নয়ন সমিতির ব্যবস্থাপক কোহিনূর বেগম, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের নিজস্ব আইনজীবি আসমাউল হুসনা, ফিনান্স অফিসার পূরবী দে বিথিসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। শক্তিশালী গণতন্ত্র গড়ে তুলতে কেবল সরকার নয়, সচেতন নাগরিক এবং দায়িত্বশীল গণমাধ্যমের সম্মিলিত ভূমিকার ওপর জোর দেন বক্তারা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version