জলঢাকা প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ী ব্রিজ এলাকায় তিস্তা প্রধান সেচ খাল পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মো: শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার (১৯ জুন) সকালে তিনি সেচ খাল এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি তিস্তা সেচ প্রকল্পের অধীন প্রধান খালের পানি প্রবাহ, বর্তমান অবকাঠামো পরিস্থিতি এবং সেচ ব্যবস্থাপনার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে মন্ত্রী সেচ খালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে তাদের সেচ সুবিধা ও ভোগান্তি সম্পর্কে অবহিত হন।পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তিস্তা সেচ প্রকল্পের বর্তমান বাস্তবায়ন অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য নেন।
এ সময় উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী গোলাম জাকারিয়া, জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি, থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেটসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ।


