নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দেশি পিস্তল উদ্ধার করেছে। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্র কারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল সোয়া ৩টার দিকে র্যাব-১৪, ময়মনসিংহ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, ময়মনসিংহ সদর কোম্পানি, র্যাব-১৪-এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নেত্রকোনার পূর্বধলা থানাধীন ‘মানুষ উড়া’ নামক এলাকায় কতিপয় অস্ত্র ব্যবসায়ী অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
এ তথ্যের ভিত্তিতে গত ১৮ জুন রাত আনুমানিক ১টা ১০ মিনিটের দিকে র্যাবের একটি দল ওই এলাকায় আকস্মিক অভিযান চালায়। ঘটনাস্থলে পোশাক পরিহিত র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে আগে থেকেই ওত পেতে থাকা অস্ত্র ব্যবসায়ীরা অন্ধকারের সুযোগ নিয়ে পালানোর চেষ্টা করে।
পালিয়ে যাওয়ার সময় তাড়াহুড়ো করে অস্ত্র ব্যবসায়ীদের কাছ থেকে লাল রঙের বাজারের ব্যাগ মাটিতে পড়ে যায়। এরপর তারা কৌশলে ওই স্থান থেকে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় সাক্ষীদের সম্মুখে র্যাব সদস্যরা পরিত্যক্ত ওই লাল রঙের বাজারের ব্যাগটি তল্লাশি করেন। তল্লাশিকালে ব্যাগের ভেতর থেকে একটি দেশি পিস্তল উদ্ধার করা হয়। পরে জব্দতালিকা মূলে অস্ত্রটি জব্দ করে র্যাব।
র্যাবের মিডিয়া অফিসার জানিয়েছেন, উদ্ধারকৃত দেশি পিস্তলটির বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অস্ত্রটি পূর্বধলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পলাতক অস্ত্র ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে র্যাবের গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে, পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, পরিত্যাক্ত অবস্থায় উদ্ধারকৃত অস্ত্রটি র্যাব পুলিশের কাছে জমা করেছে।


